বাসেলে সুইস-রূপকথা
৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে আছে একটি দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা ড্র করতে পারলেই তো বর্তে যাবে! পরশু বাসেলে সুইজারল্যান্ড শুধু দুই গোল শোধই করল না, শেষ মুহূর্তের গোলে পেল অবিস্মরণীয় এক জয়। স্লোভেনিয়াকে ৩-২ গোলে হারিয়ে ইউরোর চূড়ান্ত পর্বে সরাসরি খেলার আশাও আরেকটু উজ্জ্বল হলো সুইসদের।
ম্যাচের ৪৫ ও ৪৮ মিনিটে ২ গোল করে স্বাগতিকদের স্তম্ভিত করে দিয়েছিল স্লোভেনিয়া। ৮০ মিনিটে ইয়োসিপ দ্রমিচের গোলে ব্যবধান কমায় সুইসরা। ৮৪ মিনিটে ভ্যালেন্টিন স্টোকারের গোলে আনে সমতা (২-২)। যোগ করা সময়ের শেষ মুহূর্তে দ্রমিচের দ্বিতীয় গোলে বাসেল ফেটে পড়ে উচ্ছ্বাসে। গ্রুপে ইংল্যান্ড এরই মধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছে। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সুইসরাও দাঁড়িয়ে আছে হাতছোঁয়া দূরত্বে, তৃতীয় এস্তোনিয়া পিছিয়ে আছে ৫ পয়েন্টে।
বিপদে হল্যান্ড: আবারও হেরেছে হল্যান্ড। আইসল্যান্ডের কাছে হারার তিন দিন পর এবার ডাচরা তুরস্কের কাছে হারল ৩-০ গোলে। গতকালের এই হারে নিশ্চিত হয়েছে, হল্যান্ড সরাসরি যেতে পারছে না ২০১৬ ইউরোর চূড়ান্ত পর্বে। অনিশ্চিত হয়ে পড়েছে গ্রুপের তৃতীয় দল হিসেবে প্লে-অফ খেলে বাছাইপর্ব পেরোনোর সম্ভাবনাও। ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চতুর্থ স্থানে হল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে তুরস্ক। শেষ দুই ম্যাচে জিতলেও প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচাতে তুর্কিদের অমঙ্গল কামনাই করতে হবে ডাচদের।
এদিকে কাল লাটভিয়াকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে ফ্রান্সে যাওয়া নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র। তবে ‘বি’ গ্রুপ থেকে চূড়ান্ত পর্বে যাওয়াটা আরেকটু পিছিয়েছে ওয়েলসের। ১৯৫৮ সালের পর প্রথম বড় কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন দেখা দলটি কাল গোলশূন্য ড্র করেছে ইসরায়েলের সঙ্গে। রয়টার্স, এএফপি।
এক নজরে ফল
স্পেন ২ : ০ স্লোভাকিয়া
স্যান মেরিনো০ : ৬ ইংল্যান্ড
সুইজারল্যান্ড ৩ : ২ স্লোভেনিয়া
ইউক্রেন ৩ : ১ বেলারুশ
রাশিয়া ১ : ০ সুইডেন
অস্ট্রিয়া ১ : ০ মলদোভা
তুরস্ক ৩ : ০ হল্যান্ড
লাটভিয়া ১ : ২ চেক প্রজা.
নরওয়ে ২ : ০ ক্রোয়েশিয়া
* শুরুতে স্বাগতিক দল