বাস্তব আর অন্তর্জালের ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লে-স্টেশনে ফুটবল নিয়ে ব্যস্ত লিওনেল মেসি l ফাইল ছবি
প্লে-স্টেশনে ফুটবল নিয়ে ব্যস্ত লিওনেল মেসি l ফাইল ছবি

‘শুধু ভিডিও গেমসেই আপনি এ রকম দেখতে পাবেন’—লিওনেল মেসিকে নিয়ে ইব্রাহিমোভিচের উচ্ছ্বাসটা খুব বেশি দিন আগের নয়। প্লে-স্টেশনের খেলোয়াড়, এমন তকমাও মেসিকে দিয়েছেন অনেকেই। কিন্তু তুলনা করতে গিয়ে প্লে-স্টেশনকেই কেন টেনে আনতে হবে? রক্তমাংসের মেসির চেয়ে ভার্চুয়াল জগতের মেসি আসলে কতটা আলাদা?
ফুটবল খেলাটা হয় বড় সবুজ আয়তক্ষেত্রে। তবে কম্পিউটারের পর্দায় খেলাটা এতই জনপ্রিয় হয়ে উঠেছে, এমনকি মেসি, রোনালদোরাও সময় পেলে বুঁদ হয়ে থাকেন ইএ স্পোর্টসের ফিফা সিরিজ বা প্রো-ইভল্যুশন সকারে। কদিন আগে সার্জিও আগুয়েরো নিজেই জানিয়েছিলেন, আর্জেন্টিনার হয়ে অনুশীলনের ফাঁকে সুযোগ পেলেই মেসির সঙ্গে ‘ফিফা’ খেলেন। ‘চাকার পর প্লে-স্টেশন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার’—আন্দ্রেয়া পিরলোর কথাটা একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু ভিডিও গেমস ফুটবলারদের কতটা আচ্ছন্ন করে আছে সেটা তো বোঝাই যায়!
পেশাদার ফুটবলারদের ঠাসা সূচিতে অবসর মেলে কমই। আজকাল ফুটবলাররা ফুরসত পেলে তাই মজে থাকেন ভিডিও গেমসে। আর নিজেদের নিয়ে কম্পিউটার স্ক্রিনে খেলতে পারলে তার চেয়ে মজার আর কী আছে? পিরলো যেমন জানাচ্ছেন, ‘২০০৬ সালের ৯ জুলাই আমি পুরো দুপুরটা ঘুমিয়ে ও প্লে-স্টেশন খেলে কাটিয়েছিলাম। ওই বিকেলেই আমি বিশ্বকাপ জিতলাম।’
ফিফা বিশ্বকাপের (বাস্তবের নয়, গেমসের) ফাইনালে এসে ব্রাজিল কিংবদন্তি রোনালদো পুরো ব্যাপারটাকে দেখেছেন একটু অন্য দৃষ্টিকোণ থেকে, ‘আমি তো কোনো তফাত দেখি না। দেখুন, এরা (গেমাররা) আমাদের কাছ থেকে, মাঠের খেলোয়াড়দের কাছ থেকে শেখে। আমার মনে হয়, ভিডিও গেমসটা আরও ভালো করতে চাইলে মাঠেও আমাদের আরও ভালো করতে হবে।’ আসলেই, ফিফায় রোনালদো-মেসিরা সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও নিখুঁত হচ্ছেন। চেহারায়, গঠনে তো বটেই, খেলার ধরন, উদ্যাপনেও বাস্তবের রোনালদো-মেসিদের সঙ্গে ব্যবধান এখন একেবারেই কমে আসছে।
তার মানে কি ফুটবলারদের জন্য ফুটবলের ভিডিও গেমস তুলনামূলক সহজ? ডর্টমুন্ড ডিফেন্ডার ম্যাটস হামেলস বলছেন, ‘অবশ্যই, একজন পেশাদার ফুটবলার কিছু পরিস্থিতিতে তার নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। আবার ফিফা থেকে পাওয়া জ্ঞানটাও কেউ কাজে লাগাতে পারে মাঠে।’ হামেলসের দ্বিতীয় বক্তব্যটা একটু অদ্ভুত শোনাতে পারে, তবে এমন উদাহরণ কিন্তু আছে। ২০০৮ সালে পার্মার মার্কো আমেলিয়া এসি মিলানের রোনালদিনহোর পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন। পরে জানান, প্লে-স্টেশনে খেলতে খেলতে রোনালদিনহোর পেনাল্টির ধরন-ধারণ সব মুখস্থ হয়ে গিয়েছিল তাঁর!
আবার কেউ ভিডিও গেমসে যেটা করতে পারেন না, বাস্তবে সেটা করে ফেলেন। গত বিশ্বকাপের বাছাইপর্বে জার্মানির বিপক্ষে গোল করার পর স্কটল্যান্ডের ইকেচি আনয়া টুইট করেছিলেন, ‘আমি নয়্যারের সঙ্গে গোল করেছি, ওয়াও! ফিফাতেও এটা পারিনি আমি!’
কিন্তু ফুটবলাররা গেমস খেলার সময় কি নিজেদের দল নিয়েই খেলেন? মেসি যেমন আর্জেন্টিনা বা বার্সেলোনার হয়েই শুধু খেলেন। ফ্রেঞ্চ মিডফিল্ডার এদুয়ার্দ সিসে তা করেন না, ‘সাধারণত আমি নিজের দল নয়, যে দলের হয়ে খেলার স্বপ্ন দেখি যেমন চেলসি, রিয়াল মাদ্রিদ বা ম্যান সিটি তাদের হয়েই খেলি।’
বায়ার্নের ব্রাজিল ডিফেন্ডার দান্তের উদাহরণ টেনে শেষ করা যাক। ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই, কিন্তু স্থানীয় ক্লাবের হয়ে শুরুতে নিজেকে প্রমাণ করতে পারছিলেন না। অনেকের খেলোয়াড়ি জীবনের গল্প এখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু দান্তের গল্প শেষ হয়নি, নিজের প্লে-স্টেশন বিক্রি করে ট্রায়াল দিতে গিয়েছিলেন। বাকিটা ইতিহাস। প্লে-স্টেশনের সঙ্গে তাহলে জড়িয়ে আছে আত্মত্যাগও। ফিফাডটকম।