বাহরাইন, না সিঙ্গাপুর?
‘বি’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে থাইল্যান্ড। কাল সংবাদ সম্মেলনে তাই বেশ নির্ভার লাগছিল কোচ ফমরাত চকতাভিকে। হোক আনুষ্ঠানিকতার ম্যাচ, তবু বাহরাইনের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন থাইল্যান্ডের কোচ।
সিলেটে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়েছিল থাইল্যান্ড। আজকের ম্যাচে ড্র করলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যাবে সেমিফাইনালে। শেষ চারে যেতে হলে বাহরাইনের দরকার ড্র। তবে বাহরাইনও চায় জয়। দলটির ইংলিশ কোচ আদ্রিয়ান হুইটব্রেড অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে আছেন গত এপ্রিল থেকে। কিন্তু বিভিন্ন ক্লাব থেকে আনা এই তরুণদের নিয়ে মাত্র পাঁচ দিন অনুশীলন করেছেন। তার পরও এই দল নিয়েই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হুইটব্রেড, ‘এই ছেলেদের নিয়ে পাঁচ দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। কিন্তু এরা খুবই ভালো খেলছে। আশা করি কালও (আজ) জয় পাব আমরা। এবং জিতেই সেমিফাইনালে যেতে চাই আমরা।’
এই ম্যাচের দিকে তাকিয়ে আছে গ্রুপের অন্য দল সিঙ্গাপুরও। বাহরাইন থাইল্যান্ডের কাছে একাধিক গোলে হারলে তাদেরও যে সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।