বায়ার্ন ম্যাচের আগে গা ছাড়া ভাব ছিল বার্সেলোনার
দুই সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের সে ম্যাচে ঝাঁজ এখনো টের পাচ্ছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারার পর বার্সেলোনায় একটা বড় পরিবর্তন আসবে, সেটা বোঝা গিয়েছিল। কিন্তু সেটা যে লিওনেল মেসির দল ছাড়ার ইচ্ছার মতো ধাক্কা সেটা কেই-বা জানত। অবশ্য টমাস মুলার যা বলছেন, তাতে মনে হতেই পারে, মেসির এমন কিছু দাবি করাটা অস্বাভাবিক কিছু নয়।
কোয়ার্টার ফাইনালের আগে প্রায় সব বিশেষজ্ঞ বায়ার্নকে এগিয়ে রাখছিলেন। একদিকে ঘরোয়া দুটি ট্রফিই জেতা হয়ে গিয়েছিল বায়ার্নের, সে সঙ্গে দারুণ ফর্মে ছিল তারা। ওদিকে একদিকে লা লিগা খুইয়ে বসেছিল বার্সেলোনা, নিজেদের সম্পত্তি হয়ে যাওয়া কোপা দেল রেও পায়নি তারা। লিগের শেষ দিকে ফর্মটাও বাজে ছিল মেসিদের। এমন এক ম্যাচের আগে বায়ার্নকে হারাতে হলে লড়াকু পারফরম্যান্স দেখাতে হতো বার্সেলোনাকে। কিন্তু উল্টো ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স দেখিয়ে উড়ে গেছে তারা। টমাস মুলারের দাবি ম্যাচের আগেই গা ছাড়া ভাব দেখা গিয়েছিল বার্সেলোনার মাঝে।
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে সে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মুলার বায়ার্নের সর্বস্ব নিংড়ে দেওয়ার মানসিকতার প্রশংসা করেছেন। আর সে কথা বলতে গিয়েই বার্সেলোনার মানসিকতার ভুল দেখিয়ে দিয়েছেন, ‘আমি আমাদের কোচকে অভিনন্দন জানাই। একটা উদাহরণ দিই,আমরা মাঠে নেমে দশ মিনিট গা গরম করার পর বার্সেলোনা নেমেছিল মাঠে। ওদের মধ্যে একটা গা ছাড়া ভাব ছিল। এর মানে হয়তো কিছুই না। ম্যাচটা অন্যভাবেও শেষ হতে পারত। কিন্তু আমার মনে হয় আমরাই বেশি ক্ষুধার্ত ছিলাম।’
বার্সেলোনার খেলার মধ্যে এই যে ক্ষুধার অভাব, সেটা মেসিই হয়তো সবচেয়ে ভালো বুঝছেন। জেতার মতো দল গড়তে না পারার ব্যর্থতা ও বোর্ডের অন্যান্য আচরণে অসন্তুষ্ট মেসি এর মধ্যেই দল ছাড়ার জন্য অনুমতি চেয়েছেন। মেসির এভাবে বার্সেলোনা ছাড়া ইচ্ছেটা ফুটবলের জন্য ভালোই মনে হচ্ছে মুলারের, ‘এই গ্রহের অন্যতম সেরা খেলোয়াড় মেসি, গত এক শ বছরের সেরাদেরও একজন সে। বার্সেলোনা ভক্ত বাদে এটা (দলবদল) বিশ্ব ফুটবলের জন্য আকর্ষণীয় এক ব্যাপার হবে। এটায় সমালোচনা করার কিছু নেই। বরং আমি দেখতে চাই পরবর্তী যাত্রাটা কেমন হয় ওর।’
নতুন চ্যালেঞ্জের খোঁজে থাকা মেসির নতুন গন্তব্য বায়ার্নও হতে পারত। কারণ, মেসির মতো বিশ্বমানের খেলোয়াড়কে যে কয়টা দল নিতে পারে, সেই ক্ষুদ্র তালিকায় জার্মান পরাশক্তিরাও থাকবে। কিন্তু দলটির প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমিনেগে সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। মুলারও মজা করে জানিয়েছেন ইচ্ছা থাকলেও মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া সম্ভব নয় তাঁর পক্ষে, ‘আমি আমাদের প্রধান অর্থ কর্মকর্তার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি কিন্তু মনে হয় না এ ব্যাপারে কিছু করা সম্ভব।’