বায়ার্নও হারতে পারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশায় আচ্ছন্ন লাম, মুলাররা—বুন্দেসলিগার সবচেয়ে বিরল ছবিই। পরশু জার্মান চ্যাম্পিয়নদের মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে ম’গ্লাডবাখ l এএফপি
হতাশায় আচ্ছন্ন লাম, মুলাররা—বুন্দেসলিগার সবচেয়ে বিরল ছবিই। পরশু জার্মান চ্যাম্পিয়নদের মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে ম’গ্লাডবাখ l এএফপি

অন্যভাবে দেখলে এটা শুধুই একটা হার। যা ইউরোপীয় কোনো পরাশক্তি ক্লাবের কপালে যেকোনো দিন জুটতে পারে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—সবার বেলায় এটা সত্যি। কিন্তু তারপরও বায়ার্ন মিউনিখ একটা ম্যাচ হারের পর কেন ক্লাবের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামার ‘সতর্কবার্তা’ শোনাচ্ছেন? ফ্রাঙ্ক রিবেরিরা কেন বলছেন, ‘এটা খুবই দুঃখের ব্যাপার!’
কারণ দলটা বায়ার্ন মিউনিখ! সাম্প্রতিক ফর্মটা এমন দুর্ধর্ষ যে, বায়ার্নের তুলনা অন্য কোনো দলের সঙ্গে হয় না, হয় শুধু নিজেদেরই সঙ্গে। যে দলটি পরশুর আগে এ মৌসুমে কোনো ম্যাচ হারেনি, প্রথম ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে যারা বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে ভালো সূচনার নতুন রেকর্ড গড়েছে, তারা একটা ম্যাচ হারলে নাড়া তো পড়বেই।
মনশেনগ্লাডবাখের কাছে পরশু রাতে ৩-১ গোলে হেরেও কিন্তু বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের সঙ্গে এখনো ৫ পয়েন্টের ব্যবধান। কিন্তু বায়ার্নের মানদণ্ডটা এখন এতটাই ওপরে যে কোচ পেপ গার্দিওলাও সতর্ক করে দিলেন খেলোয়াড়দের, ‘এই ম্যাচটি থেকে শিক্ষা নিতে হবে। আর কখনোই এমন ভুল করা যাবে না।’
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে বায়ার্নের এটি দ্বিতীয় হার। এ মৌসুমে বায়ার্ন প্রথম হারে গত অক্টোবরে আর্সেনালের কাছে (০-২) চ্যাম্পিয়নস লিগে। বুন্দেসলিগায় তাদের সর্বশেষ হার গত মৌসুমে ফ্রেইবুর্গের বিপক্ষে, যে ম্যাচটা হয়েছিল এ বছর মে মাসে। তারও অনেক আগেই অবশ্য ৪ ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছিল পেপ গার্দিওলার দল। ফ্রেইবুর্গের বিপক্ষে ওই হারটা ছিল শুধুই নিয়মরক্ষার ম্যাচে।
একটা ম্যাচ হারের পর সামার কিংবা গার্দিওলাদের উদ্বেগের আরও একটা কারণ হতে পারে, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের পর এই প্রথম কোনো দল বায়ার্নের জালে ৩ গোল দিল! অধিনায়ক ফিলিপ লামও তাই বলেছেন, ‘আমরা এই ম্যাচে এত বেশি ভুল করেছি যে যেকোনো ভালো দলই এই ভুলের জন্য শাস্তি দেবে।’
পরশুর হার অবশ্য আরেকটি গর্বের জায়গা থেকে সরিয়ে দিয়েছে বায়ার্নের নাম। এ ম্যাচের আগ পর্যন্ত ইউরোপের সেরা পাঁচটি লিগে এ মৌসুমে অপরাজিত দল ছিল মাত্র দুটি—বায়ার্ন ও পিএসজি। এই গর্বটা এখন শুধুই ফরাসি ক্লাব পিএসজির! এএফপি।