বায়ার্নকে এড়িয়ে স্বস্তি গার্দিওলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড সিলভার গোলেই ম’গ্লাডবাখের বিপক্ষে মান বাঁচিয়েছে ম্যানচেস্টার সিটি। ছবি: এএফপি।
ডেভিড সিলভার গোলেই ম’গ্লাডবাখের বিপক্ষে মান বাঁচিয়েছে ম্যানচেস্টার সিটি। ছবি: এএফপি।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বেজায় খুশি। কারণ, তাঁর দল বায়ার্ন মিউনিখকে এড়াতে পেরেছে। বরুসিয়া ম’গ্লাডবাখের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সাবেক বায়ার্ন কোচ সেই স্বস্তির কথাই বলেছেন, ‘শেষ ষোলোর প্রতিটি দলই শক্তিশালী, কঠিন প্রতিপক্ষ। বায়ার্ন মিউনিখের উদাহরণ দেওয়া যেতে পারে, তারাও আমাদের মতোই নিজেদের গ্রুপ দ্বিতীয়। যে দলের খেলা তাদের সঙ্গে পড়ছে, তাদের যথেষ্ট অসুবিধার মুখোমুখি হতে হবে। ভালো লাগছে যে ম্যানচেস্টার সিটিকে তাদের সঙ্গে খেলতে হবে না।’
ম’গ্লাডবাখের বিপক্ষে ম্যাচে খুব ভালো করেনি ম্যানচেস্টার সিটি। যদিও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে ড্রই দরকার ছিল তাদের। এই গ্রুপের​ দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে সিটি। তৃতীয় হওয়া ম’গ্লাডবাখকে এখন মনোযোগী হতে হবে ৩২ দলের ইউরোপা লিগের দিকেই।
বরুসিয়া পার্কের এই ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ম’গ্লাডবাখ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাফায়েলের করা গোলে এগিয়ে থাকাটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের শেষের দিকে গোল শোধ করে দেন ডেভিড সিলভা।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় দুই দলই। ম্যাচের ৫০ মিনিটের সময় ম’গ্লাডবাখের লার্স স্টিন্ডল দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। এর কিছুক্ষণের মধ্যেই রাফায়েলকে ফাউল করায় দুই হলুদ কার্ডে মাঠ ছেড়ে চলে যেতে হয় সিটির ফার্নান্দিনহোকে।
কালকের খেলা দেখে কখনোই মনে হয়নি সিটির এই দলটিই কিছুদিন আগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল। পুরো ম্যাচেই রক্ষণে নড়বড়ে ছিল গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে আক্রমণে গেছে ঠিকই, কিন্তু সেই আক্রমণগুলো বারবারই খেই হারিয়েছে ম’গ্লাডবাখের রক্ষণের সামনে। অ্যাওয়ে ম্যাচগুলোতে সিটির দুর্বলতাও দেখা যাচ্ছে। সর্বশেষ তিনটি অ্যাওয়ে ম্যাচে জয় না পাওয়াই এর বড় প্রমাণ।
তবে গার্দিওলা খুশি তাঁর দল শেষ ষোলো নিশ্চিত করায়, ‘আপনারা সবাই জানেন, প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলাটা কত কঠিন। আমাদেরও এমন কঠিন ম্যাচই খেলতে হয়েছে। এবারের চ্যাম্পিয়নস লিগে কয়েকটি বড় দল দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। সে হিসেবে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় আমি যথেষ্ট খুশি। আশা করছি, আমরা সেখানে ভালো করব এবং সহজেই কোয়ার্টার ফাইনালে যেতে পারব।’
এমন তারকাখচিত দল নিয়ে কেবল দ্বিতীয় রাউন্ডে যেতে পারাটাই সাফল্য! গার্দিওলা এমন প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন, ‘দেখুন, আজ থেকে চার বছর আগে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অনেক সোজা ছিল। কিন্তু এখন প্রতিটি দলই শক্তিশালী। ম্যাচগুলোতে যেকোনো কিছুই ঘটে যায়।’ সূত্র: এএফপি।