বায়ার্নকে চোখ রাঙাচ্ছে বেনফিকা
নিজেদের মাঠে ১-০ গোলের জয়টা ভালো বলা যায়, তবে খুব ভালো বলার বোধ হয় উপায় নেই। বায়ার্ন মিউনিখ তাই একটু অস্বস্তি নিয়েই আজ লিসবনে মাঠে নামবে। টানা পঞ্চমবারের মতো সেমিফাইনালে উঠতে বেনফিকার মাঠে ড্র হলেই চলবে, কিন্তু সেটা খুব সহজ হওয়ার কোনো কারণ নেই।
অন্তত বেনফিকার গত কিছুদিনের ফর্মের পর তো নয়ই। পর্তুগিজ লিগে টানা সাত ম্যাচে জয় পেয়েছে বেনফিকা, উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষেও। আর হেরে গেলেও মিউনিখের প্রথম লেগ থেকে কিছুটা আত্মবিশ্বাসও তো সঙ্গী হয়েছে। খেলার শুরুতেই পিছিয়ে পড়ার পর বাকি সময়টা বায়ার্নের আক্রমণ ঠেকিয়ে রাখাটাও তো কম কথা নয়।
তবে আজকের ম্যাচের আগে একটা ছোট ধাক্কা খেয়েছে বেনফিকা। এই মৌসুমে ৩০ গোল করে তাদের সামনে থেকে পথ দেখিয়েছেন হোনাস। নিষেধাজ্ঞার খাঁড়ায় কাটা পড়ায় আজ মাঠেই নামতে পারছেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বেনফিকা কোচ রুই ভিতোরিয়া অবশ্য হোনাসের অনুপস্থিতিকে বাকিদের জন্য সুযোগ হিসেবে দেখছেন, ‘যেটার ওপর আমাদের হাত নেই, সেটার জন্য কাঁদুনি গাইলে চলবে না। এটা বাকিদের জন্য সুযোগ, যে খেলবে সে নিজের সেরাটাই দেবে।’
বায়ার্ন বুন্দেসলিগায় দারুণ ফর্মেই আছে, এই সপ্তাহেই স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে চলে গেছে লিগ শিরোপার আরেকটু কাছাকাছি। ইতিহাসও তাদের আশা দেখাচ্ছে, ইউরোপিয়ান প্রতিযোগিতার নকআউট পর্বে পর্তুগিজ ক্লাবের সঙ্গে নয়বারের দেখায় প্রতিবারই জিতেছে বায়ার্ন। তারপরও অধিনায়ক ফিলিপ লাম মনে করিয়ে দিচ্ছেন, ‘আমাদের অবশ্যই উন্নতি করতে হবে এবং সেটা দ্রুত। আমরা এখনো জিতছি, তবে নিজেদের কার্যকারিতা আরও বাড়াতে হবে আমাদের।’
সেটা বাড়াতে না পারলে বেনফিকা যে আজ অন্য রকম কিছু করে ফেলতে পারে, লাম সেটি ভালোমতোই জানেন! এএফপি, রয়টার্স।