বায়ার্নকে পেল রিয়াল, রোমাকে লিভারপুল

সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হওয়ার পরই সবাই এ ম্যাচের অপেক্ষায় ছিল। অনেকেই টুর্নামেন্টের ফাইনালে ফেবারিট দুই দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখকে দেখতে চাইছিল। কিন্তু তাহলে যে গতবারের কোয়ার্টার ফাইনালের বদলা মাত্র এক ম্যাচে নিতে হতো বায়ার্নকে। গতবারের হারের শোধ নিতে দুটি ম্যাচ হাতে পাচ্ছে বায়ার্ন। সেমিফাইনালে দেখা হয়ে গেল রিয়াল-বায়ার্নের। আর অন্য সেমিতে মোহাম্মদ সালাহর লিভারপুল পাচ্ছে সালাহরই সাবেক দল এএস রোমাকে।
সুইজারল্যান্ডে উয়েফার সদর দপ্তর নিয়নে বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটায় হয়েছে ড্র। সেখানেই নিশ্চিত হয়েছে, ইয়ুপ হেইঙ্কেসের বায়ার্ন মিউনিখকেই পাচ্ছে জিনেদিন জিদানের রিয়াল। এ নিয়ে সপ্তমবার সেমিতে মুখোমুখি দুই দল। আর ১৯৮৪ ইউরোপিয়ান কাপের ফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে রোমা-লিভারপুল।
রোমা-লিভারপুল সেমিফাইনালের প্রথম লেগ হবে ২৪ তারিখ। আর দ্বিতীয় লেগ হবে ২ মে। আর অন্য সেমিফাইনালের প্রথম লেগ ২৫ এপ্রিল, আর দ্বিতীয় লেগ হবে ১ মে।
ম্যাচ | প্রথম লেগ | দ্বিতীয় লেগ |
বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ | অ্যালিয়াঞ্জ অ্যারেনা ২৫ এপ্রিল, ২০১৮ | বার্নাব্যু ১ মে, ২০১৮ |
লিভারপুল-এএস রোমা | অ্যানফিল্ড ২৪ এপ্রিল, ২০১৮ | স্তাদিও অলিম্পিকো ২ মে, ২০১৮ |
প্রথমবারের মতো ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও ইতালি থেকে একটি করে দল এসেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। সর্বশেষ ২০১০ টুর্নামেন্টের সেমিতে চারটি আলাদা দেশের দল অংশ নিয়েছিল। তবে সেবার জার্মানি থেকে বায়ার্ন, স্পেন থেকে বার্সেলোনা, ইতালি থেকে ইন্টার মিলান ও ফ্রান্স থেকে লিঁও থাকলেও ইংল্যান্ডের কোনো প্রতিনিধি ছিল না।