বায়ার্নে ভিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তিয়ান শোয়েনস্টাইগার ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর থেকেই খোঁজ চলছিল। এমন একজন খেলোয়াড় যিনি মাঝমাঠে ‘ইঞ্জিন’-এর ভূমিকা নেবেন, নিরন্তর ডিফেন্সচেরা পাস দিয়ে যাওয়ার ক্ষমতা যার আছে, আবার গোলও করতে জানেন। বলতে গেলে চাহিদা অনুযায়ী আদর্শ খেলোয়াড়টিকেই খুঁজে পেল বায়ার্ন মিউনিখ। প্রায় ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসের চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে দলে নিচ্ছে জার্মান চ্যাম্পিয়নরা। স্বাস্থ্য পরীক্ষার পর আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ভিদালের। প্রাক্ মৌসুম প্রস্তুতিতে বায়ার্ন এখন চীনে। সেখানেই পরশু ক্লাবের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে নিশ্চিত করেছেন দলবদলের খবরটি।
এদিকে, গত মৌসুমে গোলের জন্য হাপিত্যেশ করা লিভারপুল দলে নিয়েছে ক্রিশ্চিয়ান বেনটেকেকে। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার বেলজিয়ান স্ট্রাইকারকে অ্যাস্টন ভিলা থেকে নিয়ে আসতে খরচ হয়েছে প্রায় ৩২.৫ মিলিয়ন পাউন্ড। ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড এটি। ২০১১ সালে ক্লাব রেকর্ড ৩৫ মিলিয়ন পাউন্ডে অ্যান্ডি ক্যারলকে দলে নিয়েছিল লিভারপুল। তবে কোচ ব্রেন্ডন রজার্স নিশ্চয়ই চাইবেন, বেনটেকের পরিণতি যেন ইংলিশ স্ট্রাইকারের মতো না হয়! চোটের কারণে দুই মৌসুমে লিভারপুলের হয়ে ক্যারল খেলেছেন ৪৪টি ম্যাচ, গোল মাত্র ৬টি! মার্কা, এএফপি।