বায়ার্নের অ্যাটলেটিকো-পরীক্ষা
ভালোই কাটছিল কার্লো আনচেলত্তির মধুচন্দ্রিমা। পেপ গার্দিওলা যেখানে রেখে গিয়েছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন বায়ার্নের নতুন কোচ। প্রথম আট ম্যাচেই জয় পেয়েছেন, এক-দুটি ম্যাচ ছাড়া বাকিগুলোতে সেভাবে লড়াই-ই হয়নি। কিন্তু সেই মধুর সময়টা শেষ হয়ে যেতে পারে আজই। মৌসুমের প্রথম বড় পরীক্ষা যে আজ চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে!
দুই দলের অতীত ইতিহাস জমজমাট একটা দ্বৈরথের আভাস দিচ্ছে। চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমের সেমিফাইনালের ওই স্মৃতি তো এখনো সজীব থাকার কথা। নিজেদের মাঠে সল নিগেজের দুর্দান্ত এক গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। ফিরতি লেগে বায়ার্ন ২-১ গোলে জিতেও লাভ হয়নি, ‘অ্যাওয়ে’ গোল করার সুবাদে অ্যাটলেটিকোই চলে যায় ফাইনালে।
ওই ম্যাচটা ভালোমতোই মনে থাকার কথা জাবি আলোনসোরও। দ্বিতীয় লেগে গোল পেলেও শেষ পর্যন্ত ফাইনালে নিতে পারেননি দলকে। অ্যাটলেটিকো কী করতে পারে, বায়ার্ন মিডফিল্ডার সেটি ভালোমতোই জানেন, ‘যেভাবে শুরু করেছি তাতে আমরা খুশি, কিন্তু সত্যিকার অর্থে এই প্রথম আমরা কোনো বড় দলের মুখোমুখি হতে যাচ্ছি। মৌসুমের এই পর্যন্ত আমাদের যা অর্জন, সেটা সামনের ৯০ মিনিটেই শেষ হয়ে যেতে পারে।’
এই ম্যাচে হেরে গেলেই সর্বনাশ হয়ে যাবে, সেটা অবশ্য নয়। নিজেদের গ্রুপে দুই দলই জয় দিয়েই শুরু করেছে। রাশিয়ান চ্যাম্পিয়ন এফসি রোস্তভকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন, আর ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।
বায়ার্ন যেমন নিজেদের লিগে দুর্দান্ত, অ্যাটলেটিকোও শুরুর হোঁচট পেছনে ফেলে এখন দারুণভাবে ছুটছে। প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর পরের পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে। ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে আসাটাও সাফল্যই বলতে হবে। সবচেয়ে বড় কথা, এ মৌসুমে সব প্রতিযোগিতায় সাত ম্যাচ মিলে গোল খেয়েছে মাত্র তিনটি। আলোনসো তাই মনে করিয়ে দিলেন, ‘আমার মনে হয় ওদের দলটা গত মৌসুমের মতোই। ওরা একদমই হাল ছেড়ে দেয় না, পরিশ্রমও করে অনেক, খুবই গোছানো একটা দল। তাদের আগ্রাসনও নিয়ন্ত্রিত, সব সময় তারা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করে।’
শুধু অ্যাটলেটিকো-বায়ার্ন নয়, আজকের ম্যাচটা তো আনচেলত্তি-সিমিওনের পুনর্মিলনীও। আনচেলত্তি রিয়াল মাদ্রিদে থাকার সময় বেশ কয়েকবারই দেখা হয়েছে দুজনের, তবে ২০১৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওই হারের স্মৃতিটা কখনোই ভুলবেন না সিমিওনে। আরও একবার কি আনচেলত্তিকে ম্যাচ শেষে হাসতে দেবেন অ্যাটলেটিকো কোচ? এএফপি, রয়টার্স।