বায়ার্নের আক্রমণ, অ্যাটলেটিকোর রক্ষণ
দুটি দলের ফুটবল দর্শন একেবারেই আলাদা। কতটা আলাদা, সেটা ছোট একটা পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে ওঠে। চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে সবচেয়ে বেশি গোল (২৮) বায়ার্ন মিউনিখের। অন্যদিকে, সেমিফাইনালের চার দলের মধ্যে অ্যাটলেটিকোর চেয়ে কম গোল (৫) খায়নি অন্য কোেনা দল।
বুঝতেই পারছেন, বায়ার্নের মূল শক্তি আক্রমণে আর অ্যাটলেটিকোর রক্ষণে। ভিসেন্তে ক্যালদেরনে আজ চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে লড়াইটাও তাই বাভারিয়ানদের দুর্দান্ত আক্রমণভাগের সঙ্গে অ্যাটলেটিকোর দুর্ভেদ্য রক্ষণভাগের। রবার্ট লেভানডফস্কি-টমাস মুলারদের বিপক্ষে ফিলিপে লুইস-হোসে গিমেনেজদের।
ঐতিহ্যের বিচারে দুই দলের তুলনাই চলে না। বায়ার্ন যেখানে পাঁচবারের ইউরোপ-সেরা, সেখানে অ্যাটলেটিকোর ফাইনাল খেলার সৌভাগ্যই হয়েছে মাত্র দুবার, ট্রফি ছুঁয়ে দেখা হয়নি কখনোই। এবারের চার সেমিফাইনালিস্টের মধ্যে সবচেয়ে ‘গরিব’ ক্লাবও অ্যাটলেটিকোই! বায়ার্ন, রিয়াল মাদ্রিদের মতো তারকায় ঠাসা দল নয়, নেই ম্যানচেস্টার সিটির মতো অর্থের ঝনঝনানি। কিন্তু এই অ্যাটলেটিকোই কোয়ার্টার ফাইনালে বিদায় করে দিয়েছে বার্সেলোনার মতো পরাশক্তিকে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারকে নিয়ে গড়া যাদের আক্রমণভাগ ইউরোপের অন্যতম সেরা।
আর এ কারণেই অ্যাটলেটিকোকে নিয়ে একটা বাড়তি দুশ্চিন্তা থাকছে বায়ার্নের। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার যেমন বললেন, ‘ওরা বার্সেলোনার মতো দলকে ছিটকে দিয়েছে। আর আমরা আমাদের কোচের কাছ থেকে জেনেছি, অ্যাটলেটিকো কতটা কঠিন ফুটবল খেলতে পারে এবং ওদের মাঠে আমাদের কতটা বিরূপ পরিস্থিতিতে পড়তে হতে পারে।’
‘আমাদের কোচ’ মানে পেপ গার্দিওলা। বার্সেলোনার কোচ থাকার সময়ে অনেকবারই তাঁকে অ্যাটলেটিকোর মুখোমুখি হতে হয়েছে। বায়ার্ন মিউনিখে তাঁর চেয়ে ভালো অ্যাটলেটিকোকে আর কে চেনে!

দুশ্চিন্তার আরও একটা কারণ, স্প্যানিশ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের এই পর্যায়ে বায়ার্নের সাম্প্রতিক পরিসংখ্যান। গত মৌসুমের সেমিফাইনাল থেকে তাদের বিদায় করে দিয়েছিল বার্সেলোনা, এর আগের মৌসুমে রিয়াল। গার্দিওলা অবশ্য আশাবাদী, এবার এই ‘স্প্যানিশ-গেরো’ খুলতে পারবে তাঁর দল, ‘অতীতে কী হয়েছে, তার সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক নেই। ফুটবলে আপনাকে শুধু ভবিষ্যতের কথাই ভাবতে হয়। এবার আমরা কেমন পারফর্ম করি, সেটাই ফল নির্ধারণ করে দেবে।’
নিজেদের মাঠে ম্যাচ বলে অ্যাটলেটিকোও যে খুব নিশ্চিন্ত আছে, এমন নয় কিন্তু। কোয়ার্টার ফাইনালে মেসি-সুয়ারেজ-নেইমারদের আটকে রাখার চেয়েও নাকি বায়ার্নের বিপক্ষে চ্যালেঞ্জটা আরও বড় মনে হচ্ছে অ্যাটলেটিকো ডিফেন্ডার ফিলিপে লুইসের, ‘বার্সার চেয়ে বায়ার্ন অনেক আলাদা। বার্সা তো প্রতিপক্ষের গোলমুখে শুধু সুয়ারেজকে খেলায়, বায়ার্ন খেলায় দুজন স্ট্রাইকারকে (লেভানডফস্কি-মুলার)। আর দুজনই অনেক জায়গা নিয়ে খেলে। তবে আমরাও আমাদের শক্তিতে আস্থা রাখছি।’
শেষ পর্যন্ত অ্যাটলেটিকোর এই আত্মবিশ্বাসের দেয়াল টিকবে? নাকি সেই দেয়াল গুঁড়িয়েই মাদ্রিদ জয় করে ফিরবেন লেভানডফস্কি-মুলাররা? এএফপি, রয়টার্স।
* চ্যাম্পিয়নস লিগে এটি অ্যাটলেটিকো মাদ্রিদের পঞ্চম সেমিফাইনাল। আগের ৪টিতে জয়-পরাজয় সমান সমান (২/২)।
* ১৮তম বারের মতো সেমিফাইনাল খেলছে বায়ার্ন মিউনিখ। এর আগে ফাইনাল খেলেছে ১০ বার।
* চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এখনো ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি অ্যাটলেটিকো। তিনটিতে জিতেছে, ড্র করেছে ১টি।
* স্পেনের মাটিতে সর্বশেষ ১২ ম্যাচের মাত্র ২টি জিতেছে বায়ার্ন, হেরেছে ৮টি। সব মিলিয়ে স্পেনে বায়ার্নের পরিসংখ্যান—ম্যাচ ২৩, জয় ৬, ড্র ৫, হার ১২।
* প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ৯ ম্যাচের মাত্র ২টি জিতেছে গার্দিওলার দল। হেরেছে ৪টি।