বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ জয়ে ভাগ্যের ছোঁয়া দেখছেন ক্লপ

চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিয়ে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের উচ্ছ্বাস।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্ট লেভানডফস্কি, সার্জ নাব্রি, থিয়াগো আলকানতারা, জেরোম বোয়াটেং, ম্যানুয়েল নয়্যার...দুর্দান্ত একটি দল বায়ার্ন মিউনিখের। দুর্দান্তভাবেই তারা জিতেছে এবারের চ্যাম্পিয়নস লিগ। গত বছর নিকো কোভাচের অধীনে অধঃপাতে চলে যেতে থাকা বায়ার্নের দায়িত্ব নভেম্বর মাসে হান্সি ফ্লিককে দেন কর্মকর্তারা। আট মাসের মধ্যে দলকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়ে মিউনিখে নায়ক বনে গেছেন জার্মান কোচ।

চ্যাম্পিয়নস লিগ জেতা অসাধারণ বায়ার্ন মিউনিখ দলের প্রশংসা করেছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁর প্রশংসার কিছুটা বরাদ্দ ছিল হান্সি ফ্লিকের জন্যও। প্রশংসা করলেও একটা কিন্তু রেখে দিয়েছেন লিভারপুলের জার্মান কোচ। পাদটীকা হিসেবে যোগ করেছেন—সবই ঠিক আছে, কিন্তু বায়ার্নের ভাগ্য কিছুটা ভালো!

ভাগ্য কিছুটা ভালো বলতে কী বুঝিয়েছেন ক্লপ? সব ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের ক্ষেত্রে এটা বলতে যে কারও মনে প্রশ্নটা জাগতে পারে। ক্লপ আসলে করোনাভাইরাস মহামারির কারণে এলোমেলো হয়ে যাওয়া ইউরোপিয়ান লিগগুলোর সূচির বিষয়টি টেনে এনেছেন। বিরতি কাটিয়ে ঠিক সময়ে বুন্দেসলিগা মাঠে ফিরেছিল বলে মনে করেন ক্লপ। আর এটাই বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ জেতায় সাহায্য করেছে বলে উল্লেখ করেছেন তিনি।

কোচ হান্সি ফ্লিকের সঙ্গে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের চ্যাম্পিয়নস লিগের শিরোপা উদ্‌যাপন।
ছবি: রয়টার্স

জার্মানের সংবাদমাধ্যমে ক্লপ বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ জয় নিয়ে কথা বলেছেন। প্রথমে তিনি ফ্লিক ও বায়ার্ন দলের প্রশংসাই করেছেন, ‘আট মাসে (ফ্লিকের পক্ষে) এর চেয়ে বেশি ইতিহাস লেখা আর সম্ভব ছিল না।’ এরপরই ভাগ্যের বিষয়টি উল্লেখ করেন ক্লপ, ‘বায়ার্ন কিছুটা হলেও ভাগ্যের ছোঁয়া পেয়েছে। (করোনাভাইরাস মহামারির কারণে) সূচি জটের মধ্যেও চ্যাম্পিয়নস লিগের সূচিটা বায়ার্নের সঙ্গে মানিয়ে গিয়েছিল।’

লিভারপুল অবশ্য করোনাভাইরাস বিরতির আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। আর্সেনালের কাছে এফএ কাপের ফাইনালে হারার পর বায়ার্ন ম্যাচের আগে চেলসি নিজেদের তৈরি করতে মাত্র এক সপ্তাহ সময় পেয়েছে। সবকিছুর পরও বায়ার্নের প্রশংসা করেছেন ক্লপ, ‘এই মুহূর্তে বিশ্বের সেরা দল নিঃসন্দেহে বায়ার্ন। দলটিতে সব রসদই আছে। সব পজিশনের তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। তাদের বয়সটাও ঠিক আছে।’