বায়ার্নের জালে স্পাইডারম্যানের গোল!

কমিকস বইয়ের পাতা থেকে উঠে আসা স্পাইডারম্যান হঠাত্ করেই হানা দিয়েছিলেন জার্মান সুপার কাপের ম্যাচে। ঠিক যেভাবে উড়ে উড়ে সব শত্রুদের মোকাবিলা করেন, ঠিক সেভাবেই প্রায় উড়ে গিয়ে করেছিলেন দুর্দান্ত এক হেড। এ সময়ের সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের সাধ্য ছিল না স্পাইডারম্যানের সেই হেডটি রুখে দেওয়ার। সুপার হিরোর হেড থেকে বল ঠিকই জড়িয়ে গেছে বায়ার্ন মিউনিখের জালে।
বায়ার্নের জালে বল জড়িয়ে দেওয়া এই স্পাইডারম্যানের নাম পিয়েরে-এমরিক আউবামেয়াং। বরুশিয়া ডর্টমুন্ডের পক্ষে ম্যাচের দ্বিতীয় গোলটি করার পর স্পাইডারম্যান সেজেই গোল উদযাপন করেছিলেন এই ফরোয়ার্ড।
অদ্ভুতভাবে গোল উদযাপনের প্রস্তুতিটা আগেভাগেই নিয়েছিলেন আউবামেয়াং। মোজার মধ্যে লুকিয়ে রেখেছিলেন স্পাইডারম্যানের মুখোশ। দারুণ এক হেড থেকে গোলটি করার পরপরই সেটা বের করে ক্ষণিকের জন্য স্পাইডারম্যান বনে গিয়েছিলেন বরুশিয়ার এই ফরোয়ার্ড। গোলটা না পেলে উদযাপনটাই হতো না।
আউবামেয়াং বায়ার্নের বিপক্ষে এই গোলটি করেছিলেন দ্বিতীয়ার্ধে, ৬০ মিনিটের মাথায়। তার আগে প্রথমার্ধের ২৩ মিনিটে আরেকটি গোল করেন ডর্টমুন্ডের মিডফিল্ডার হেনরিক মিখাটারিয়ান। এই দুই গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে ডর্টমুন্ড।
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম কেবলই শুরু হলেও আউবামেয়াংয়ের এই উদযাপন হয়তো জায়গা করে নেবে এবারের মৌসুমের অন্যতম সেরা উদযাপন হিসেবেই।
দেখুন আউবামেয়াংয়ের সেই গোল উদযাপন: