বায়ার্নের দুঃখ অ্যাটলেটিকো
গার্দিওলার হোঁচট
ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ছুটছিল জয়রথ। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ছয় ম্যাচেই জয়, অনন্য রেকর্ড। লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও জয়। কে জানত, বার্সেলোনার কাছে ৭ গোলে পরাজিত সেল্টিকের মাঠেই প্রথম হোঁচট খাবেন পেপ গার্দিওলা? অবশ্য ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটি ছড়িয়েছে রোমাঞ্চ। তিনবারই পিছিয়ে পড়ে সমতা এনেছে সিটি। ম্যাচ শেষে সিটির ডিফেন্ডার পাবলো জাবালেতা তাঁর দলের এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটাকেই দেখছেন বড় করে, ‘তিনবার পিছিয়ে পড়েও ফিরে আসা আমাদের হাল না ছাড়া মানসিকতাই তুলে ধরে।’
পেনাল্টির ‘অভিশাপ’
আঁতোয়ান গ্রিজমান পেনাল্টির অভিশাপ যেন কাটাতেই পারছেন না। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পেনাল্টি থেকে গোল করতে পারেননি, পরশু বায়ার্ন মিউনিখের বিপক্ষেও তাঁর নেওয়া স্পটকিক ফিরে এল পোস্টে লেগে। ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো শেষ পর্যন্ত ১-০ গোলে জেতায় পেনাল্টি নষ্ট করার মাশুল অবশ্য গুনতে হয়নি। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিন পেনাল্টির দুটি থেকেই গোল করতে পারেননি, লা লিগায়ও সর্বশেষ তিন পেনাল্টির দুটি নষ্ট করেছেন। পরশু অবশ্য পেনাল্টি মিসের মহড়াই চলেছে। রোস্তভের সঙ্গে পিএসভি ও পিএসজির সঙ্গে লুদোগোরেৎসও পেনাল্টি থেকে গোল করতে পারেনি।
কারাসকোর স্বস্তি
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করেও জেতাতে পারেননি অ্যাটলেটিকোকে। পরশু কারাসকোর গোলেই বায়ার্নকে হারাল ডিয়েগো সিমিওনের দল। বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের দারুণ এক শটে করেছেন গোল, মৌসুমে এটাই বায়ার্নের বিপক্ষে প্রথম বক্সের বাইরে থেকে গোল। এই মৌসুমে কারাসকোর শট বারে বা পোস্টে প্রতিহত হয়েছে কয়েকবারই। পরশু সেটি না হওয়াতেই পেয়েছেন স্বস্তি, ‘ভাগ্য ভালো বলটা পোস্টে লাগেনি। এই মৌসুমে তো শুধু পোস্ট, পোস্ট আর পোস্ট। যাক, এবার সেটা হয়নি।’
বায়ার্নের স্প্যানিশ গেরো
গত মৌসুমে সেমিফাইনালেই বায়ার্ন হেরেছিল অ্যাটলেটিকোর কাছে। তার আগে টানা দুবার স্পেনেরই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হাতে বেজেছে বায়ার্নের বিদায়ঘণ্টা। পরশু আরও একবার স্প্যানিশ-ফাঁদে আটকাল বায়ার্ন, মৌসুমে প্রথম পরাজয়ের অভিজ্ঞতা হলো কোচ কার্লো আনচেলত্তির। এবার গ্রুপ পর্ব বলেই হয়তো বায়ার্নকে বিদায়ের ভয় পেয়ে বসছে না!
‘কম ভুলেই’ বার্সার হাসি
বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ২৪ মিনিটে থরগান হ্যাজার্ড এগিয়ে দেন স্বাগতিকদের। কিন্তু দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে আরদা তুরান ও জেরার্ড পিকের গোলে মেসিবিহীন বার্সা পেয়েছে স্বস্তির জয়। পিকের মূল্যায়নে দ্বিতীয়ার্ধে কম ভুল হওয়াতেই জিতেছে বার্সা, ‘প্রথমার্ধে একটা সুযোগ পেয়েই ওরা সেটি কাজে লাগিয়েছে। কিন্তু ম্যাচটা ৯০ মিনিটের, দ্বিতীয়ার্ধে ওরা প্রথমার্ধের মতো খেলতে পারেনি। আমরাও ভুল কম করেছি।’ এএফপি, রয়টার্স।