বায়ার্নের পথে আলোনসো!

বুধবারই তিনি বিদায় বলেছেন আন্তর্জাতিক ফুটবলকে। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সর্বজয়ী স্প্যানিশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জাবি আলোনসো এখন অপেক্ষায় আছেন ক্লাব রিয়াল মাদ্রিদকে বিদায় দিতেও। এই মৌসুমে দলবদলের প্রথম পর্বের সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই আলোনসো নাম লেখাতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখে।
রিয়াল মাদ্রিদে হঠাত্ই ব্রাত্য এই পরিশ্রমী মিডফিল্ডার। নতুন নতুন ‘দামি’ খেলোয়াড়ের আমদানিতে নিজেকে কিছুটা বঞ্চিত মনে করাতেই নাকি রিয়াল ছেড়ে জার্মান জায়ান্টে নাম লেখাতে যাচ্ছেন। বায়ার্ন কোচ পেপ গার্দিওলার ব্যক্তিগত পছন্দের তালিকাতেও নাকি আলোনসোর নাম ওপরের দিকেই। সবকিছু ঠিক থাকলে ৩১ আগস্টের আগেই ৫০ লাখ ইউরোয় মিউনিখে নাম লেখাচ্ছেন তিনি।
আলোনসো রিয়াল ছেড়ে দেওয়ার বিষয়টি ভাবছিলেন বেশ আগে থেকেই। এই মৌসুমে তাঁর ইংলিশ ক্লাব চেলসি থেকে মোটা অঙ্কের প্রস্তাবই ছিল। ভাবনাতে ছিলেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডেরও। কিন্তু খবরে প্রকাশ, সে পথে আর হাঁটছেন না আলোনসো। বায়ার্নের প্রস্তাবটি লুফে নেওয়ার কারণ ওই পেপ গার্দিওলাই।
রিয়াল মাদ্রিদ থেকে প্রথমে স্যামি খেদিরাকে দলে নেওয়ার কথা ভেবেছিল বায়ার্ন কর্তৃপক্ষ। সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগেও খেদিরাকেই ভাবছিলেন। তবে আপাতত খেদিরা রিয়াল ছাড়ছেন না বলেই খবর বেরিয়ে যাওয়ায় বায়ার্নের আগ্রহটা ওই আলোনসোর দিকেই। গার্দিওলাও ভেবে রেখেছেন তাঁর কৌশলে আলোনসোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। সূত্র: মেইল অনলাইন।