বায়ার্নের মাঠে ফুটবল-রোমাঞ্চ

বার্সেলোনা-আর্সেনাল ম্যাচের পুরো ৯০ মিনিট যাঁরা দেখেছেন, তাঁরা পরে হয়তো আফসোস করেছেন। একই সময়ে হওয়া বায়ার্ন-জুভেন্টাস ম্যাচটা যাঁরা দেখেননি, তাঁরা বঞ্চিত হয়েছেন ফুটবল-রোমাঞ্চ থেকে। কে ভেবেছিল বায়ার্নের মাঠে এসে অমন চমকে দেবে জুভেন্টাস? আবার সেই জুভেন্টাসকেই এমনভাবে হারিয়ে দেবে জুভেন্টাসেরই একজন? শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বায়ার্ন। তবে তার আগে যেটা হয়েছে, ৯০ মিনিটে সে রকম কিছুর জন্যই তৃষিত অপেক্ষায় থাকে রাতজাগা দর্শক।
আগের লেগটা যেখান থেকে শেষ হয়েছিল, পরশু ঠিক সেখান থেকেই শুরু করেছে জুভেন্টাস। নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করা জুভরা দ্বিতীয় লেগের ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে ২-০ গোলে। আলিয়াঞ্জ অ্যারেনায় মনে হচ্ছিল, জুভেন্টাস খেলছে নিজেদের মাঠেই। ৫ মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন, পল পগবার গোলটা হঠাৎ করেই ম্যাচটা জুভেন্টাসের দিকে ঘুরিয়ে দেয়।
এর পর আলভারো মোরাতা একাই সন্ত্রস্ত করে রাখেন বায়ার্ন রক্ষণকে। প্রথমার্ধেই অফসাইডের জন্য তাঁর একটা গোল বাতিল হয়ে যায়। রিপ্লে অবশ্য বলছে রেফারির সিদ্ধান্ত ভুল ছিল। ২৮ মিনিটে মোরাতা যা করেছেন তাতে তাঁর নামটা হয়তো স্কোরলাইনে লেখা থাকবে না, তবে দর্শকদের স্মৃতিতে থাকবে উজ্জ্বল। ৭০ গজি এক দৌড়ে বায়ার্ন রক্ষণকে ছিন্নভিন্ন করে হুয়ান কুয়াদ্রাদোকে দিয়ে করিয়েছেন গোল। বায়ার্নের কোয়ার্টার ফাইনাল তখন দূরে সরে গেছে!
দ্বিতীয়ার্ধেই মোরাতা ম্যাচটা নিজেদের পকেটে পুরতে পারতেন, কিন্তু নষ্ট করেছেন সহজ সুযোগ। ৭২ মিনিটে এই স্প্যানিশ স্ট্রাইকার নেমে যাওয়ার পরেই ম্যাচ হেলে পড়ে বায়ার্নের দিকে। ৭৩ মিনিটে ডিয়েগো কস্তার দুর্দান্ত ক্রস থেকে রবার্ট লেভানডফস্কির হেডে গোল করেন। জুভেন্টাসকে পেয়ে বসে স্নায়ুচাপ, শেষ পর্যন্ত সেটাই কাল হয়ে দাঁড়ায়। ৯০ মিনিটে আগের গোলের ফর্মুলায় টমাস মুলারের লক্ষ্যভেদ, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
এর পর ঝলক দেখিয়েছেন দুই বদলি। ১০৮ মিনিটে থিয়াগো আলকানতারার গোলে ম্যাচ এসে যায় বায়ার্নের হাতের মুঠোয়। দুই মিনিট পর কিংসলে কোমানের গোল নিশ্চিত করে দেয় জয়। এই মৌসুমেই ধারে জুভেন্টাস থেকে বায়ার্নে গেছেন কোমান। ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’—কথাটাই যেন আরেকবার মনে করিয়ে দিলেন।
এমন একটা ম্যাচে ট্যাকটিকসের চেয়ে স্নায়ুচাপটাই বড় হয়ে দাঁড়ায়। ম্যাচ শেষে পেপ গার্দিওলা সেটিই মনে করিয়ে দিলেন, ‘আমরা আবেগ দিয়েই ঘুরে দাঁড়িয়েছি, ট্যাকটিক্যালি নয়। আর ফুটবল এটাই, বিশ্বজয়ী থেকে এক মিনিটেই আপনি মাটিতে নেমে আসতে পারেন।’ ফেরাটা জুভেন্টাসের মতো দলের সঙ্গে বলেই সেটি গার্দিওলাকে বেশি আপ্লুত করছে, ‘ইতালিয়ান দলের বিপক্ষে ৪ গোল—ওয়াও! আমি জানি না, কোনো জার্মান দল কোনো ইতালিয়ান দলকে ৪ গোল দিয়েছে কি না।’ জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি সান্ত্বনা খুঁজছেন পরাজয়ে, ‘অবশ্যই আমি হতাশ। তবে দল নিয়ে গর্বিতও। আমরা শিরোপাপ্রত্যাশী একটা দলের সঙ্গে যেভাবে খেলেছি, তাতে আমি খুশি।’
অথচ ঠিক একই সময়ে ন্যু ক্যাম্পের ম্যাচটা একরকম ‘ম্যাড়মেড়েই’ ছিল। আগের লেগ ২-০ গোলে জিতেই কাজটা প্রায় সেরে রেখেছিল বার্সা। পরশু ৩-১ গোলে জয়ের সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত মেসি, নেইমার, সুয়ারেজ ত্রয়ীর গোল পাওয়া। ১৮ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যাওয়া বার্সাকে সমতায় টেনে নামায় আর্সেনালের মোহামেদ এলনেনির গোল। পরে সুয়ারেজের গোলে এগিয়ে যাওয়া বার্সার জয় নিশ্চিত হয় মেসির গোলে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের কথাটাই অনেক কিছু বলে দিচ্ছে, ‘শিল্পের কদর সবাই করে। এই তিনজন (এমএসএন) নিত্যদিনের কাজকেও শিল্প বানিয়ে ফেলছে। আমাকে বলতেই হবে, আমার সেরা তিন স্ট্রাইকারের বিপক্ষেই আজ খেলেছি।’
শেষ আটে আর যা-ই হোক, বার্সাকে নিশ্চয়ই সবাই এড়িয়ে চলতে চাইবে! এএফপি, রয়টার্স।
৯
আর্সেনালের বিপক্ষে লিওনেল মেসির মোট গোল। চ্যাম্পিয়নস লিগে কোনো নির্দিষ্ট ক্লাবের বিপক্ষে একজন খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলের রেকর্ড
১৫
রেকর্ড পনের বারের মতো শেষ আটে পা রাখল বায়ার্ন। ১৪ বার শেষ আটে খেলছে
বার্সা ও রিয়াল
২
দুই গোলে পিছিয়ে পড়েও এই প্রথম গার্দিওলার বায়ার্ন চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জিতল
শেষ আটের ৮ দল
রিয়াল মাদ্রিদ
ভলফ্সবুর্গ
বেনফিকা
বার্সেলোনা
পিএসজি
অ্যাটলেটিকো মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি
বায়ার্ন মিউনিখ