বায়ার্নের স্বপ্নের প্রত্যাবর্তন
বার্সেলোনার সামনে ছিল সহজ সমীকরণ, পরশু পিএসজিকে ২-০ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৫-১) দাপটের সঙ্গেই সেমিফাইনালে উঠে গেছে লুইস এনরিকের দল। আর আগের লেগে ৩-১ গোলে হেরে যাওয়ায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সামনে ছিল দুস্তর পারাবার। সেই বায়ার্নও উঠে গেছে সেমিফাইনালে, পোর্তোকে ৬-১ গোলে উড়িয়ে স্বপ্নের মতো প্রত্যাবর্তন ঘটিয়ে। সেই দুই ম্যাচেরই খণ্ড খণ্ড কিছু ছবি...
গোল আর গোল!
মনে হচ্ছিল, এ যেন বিশ্বকাপে জার্মানি-ব্রাজিল বা চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমেরই বায়ার্ন-রোমা ম্যাচের পুনর্মঞ্চায়ন। ম্যাচের ৪০ মিনিটেই পোর্তোর জালে ৫ গোল, সব সংশয় উড়িয়ে আলিয়াঞ্জ অ্যারেনা তখন ফুটছে। চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের কোনো ম্যাচে প্রথমার্ধেই ৫ গোল করার কীর্তি বায়ার্ন মিউনিখই প্রথম গড়ল। জোড়া গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। থিয়াগো আলকানতারা, জেরোম বোয়েটাং, টমাস মুলার ও জাবি আলোনসো করেছেন একটি করে।

মুলারের সামনে মুলার
বায়ার্নের চতুর্থ গোলটা করেই অন্য উচ্চতায় উঠে গেছেন টমাস মুলার। বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল এখন জার্মান স্ট্রাইকারের (২৭), আগের রেকর্ড ছিল মারিও গোমেজের। ইউরোপিয়ান প্রতিযোগিতায় বায়ার্নের হয়ে রেকর্ডটা অবশ্য জার্ড মুলারের। জার্মান এই কিংবদন্তি সবসুদ্ধ করেছেন ৬২ গোল, উত্তরসূরিকে এখনো অনেকটা পথই হাঁটতে হবে।
ইনিয়েস্তা আছেন
এই মৌসুমে লা লিগায় গোলে একটিও ফাইনাল পাস দিতে পারেননি। আন্দ্রেস ইনিয়েস্তার জাদু ফুরিয়ে গেছে কি না প্রশ্নটা নীরবে হলেও উঠে গিয়েছিল। পরশু ন্যু ক্যাম্প আরও একবার মোহাবিষ্ট এই মিডফিল্ডারের কারিকুরিতে। নিজেদের রক্ষণ থেকে পিএসজির তিন খেলোয়াড়কে কাটিয়ে উঠে এলেন প্রতিপক্ষের আক্রমণে। তাঁর বাড়ানো থ্রু থেকে নেইমারের ফিনিশিংও হয়েছে দুর্দান্ত। ম্যাচ শেষে ‘ফুরিয়ে যাওয়া’ নিয়ে কথা বলতেই ইনিয়েস্তার স্পষ্ট বিরক্তি, ‘আমি কখনোই আড়াল হইনি।’

অন্য নেইমার
মেসির আগে বার্সেলোনার কোন খেলোয়াড় এক মৌসুমে অন্তত ৩০ গোল করেছিলেন? উত্তরটা কারও জানা না-ও থাকতে পারে। সেই ২০০৮-০৯ মৌসুমে স্যামুয়েল ইতো করেছিলেন ৩৬ গোল, পরশু চ্যাম্পিয়নস লিগে বার্সার শততম হোম ম্যাচের জোড়া গোলে নেইমারের গোলসংখ্যা ৩০ হলো এই মৌসুমে। অথচ গত মৌসুমে করেছিলেন মাত্র ১৫ গোল। পিএসজির সঙ্গে গোল করাটাকে অভ্যাস বানিয়ে এই মৌসুমে ফ্রেঞ্চ দলটির বিপক্ষে চার ম্যাচেই গোল পেলেন। চ্যাম্পিয়নস লিগে কোনো নির্দিষ্ট দলের সঙ্গে টানা চার ম্যাচে গোল করার কীর্তি আর কারও নেই!
গার্দিওলার কীর্তি
সেই ২০০৮-০৯ মৌসুম থেকে শুরু, এরপর প্রতিবছরই দলকে অন্তত সেমিফাইনাল পর্যন্ত দলকে নিয়ে গেছেন পেপ গার্দিওলা (২০১২-১৩ মৌসুমে বিরতি নিয়েছিলেন)। ৩-১ গোলে পিছিয়ে থাকায় পরশু ম্যাচের আগে উদ্বিগ্ন বায়ার্ন কোচ বলেছিলেন, এই ম্যাচটা তাঁর কাছে ফাইনালের মতো। সেই উদ্বেগ অবশ্য খেলা শুরুর খানিক পরই মিলিয়ে গেছে। আনন্দের আতিশয্যেই বোধ হয়, নিজের ট্রাউজারটা কখন ছিঁড়ে গেছে খেয়ালই করেননি। পরে সেটা মনে করিয়ে দিলে একগাল হেসে গার্দিওলা বলেছেন, পরের ম্যাচে নতুন একটা পরে আসবেন!
ত্রয়ীর হাতছানি
সর্বশেষ পেপ গার্দিওলার হাত ধরে এক মৌসুমে অন্তত তিনটি শিরোপা জিতেছিল বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রে—তিনটি প্রতিযোগিতাতেই টিকে আছে বার্সেলোনার আশা। কোচ লুইস এনরিকে সেটিকেই করছেন পাখির চোখ, ‘আমরা এটাই আশা করছি। লা লিগা এখনো কঠিন, আমাদের প্রতিদ্বন্দ্বীরা কাছেই আছে। চ্যাম্পিয়নস লিগে আরও তিনটি দলের সম্ভাবনা আমাদের সমান। কোপা ডেল রের ফাইনালে খেলতে হবে অ্যাথলেটিকের (বিলবাও) সঙ্গে, আমাদের সঙ্গে ওরা সব সময় ভালো খেলে।’