বায়ার্নের হোঁচট, দুর্বার বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসাধারণ এক গোল! পিএসজির বিপক্ষে পিএসজির মাঠে হলো ২-০। পরশু বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ উপলক্ষটা উদ্‌যাপন করলেন সতীর্থ নেইমারের সঙ্গে (বাঁয়ে)। একই রাতে উল্টো অনুভূতি পেপ গার্দিওলার (ডানে)। তাঁর দল বায়ার্ন যে ১-৩ গোলে হেরেছে পোর্তোর কাছে l এএফপি ও রয়টার্স
অসাধারণ এক গোল! পিএসজির বিপক্ষে পিএসজির মাঠে হলো ২-০। পরশু বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ উপলক্ষটা উদ্‌যাপন করলেন সতীর্থ নেইমারের সঙ্গে (বাঁয়ে)। একই রাতে উল্টো অনুভূতি পেপ গার্দিওলার (ডানে)। তাঁর দল বায়ার্ন যে ১-৩ গোলে হেরেছে পোর্তোর কাছে l এএফপি ও রয়টার্স

অপ্রতিরোধ্য সুয়ারেজ

বিশ্বকাপের সেই কামড়-কাণ্ড আর নিষেধাজ্ঞার সময়টা পেছনে ফেলে তিনি এখন অন্য লুইস সুয়ারেজ। গত মাসে এল ক্লাসিকোতে দারুণ এক গোল করে জিতিয়েছেন বার্সেলোনাকে। পরশু পিএসজির বিপক্ষে ম্যাচটি আরও স্পষ্ট বোঝাল কেন তাঁকে ৮১ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে বার্সা। ৬৭ মিনিটে নিজের প্রথম গোলটা করলেন পিএসজির তিন ডিফেন্ডার ডেভিড লুইজ, মারকুইনোস আর ম্যাক্সওয়েলকে পর পর কাটিয়ে। হাভিয়ের মাচেরানোর সঙ্গে ওয়ান-টু খেলে ৭৯ মিনিটে করা পরের গোলটাও চোখে লেগে থাকার মতো। বার্সেলোনার হয়ে সর্বশেষ ১১ ম্যাচে ১১ গোল হলো সুয়ারেজের। গোল করেছেন নেইমারও, গোল করিয়েছেন মেসি, কিন্তু সুয়ারেজ এদিন ছাপিয়ে গেছেন সবাইকে।

বিবর্ণ লুইজ

ঊরুর চোট ছিল তাঁর। স্বাভাবিক পরিস্থিতিতে হয়তো খেলতেনই না ডেভিড লুইজ। কিন্তু ম্যাচের ২১ মিনিটে পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা চোট পাওয়ায় বাধ্য হয়েই তাঁকে নামান কোচ লরাঁ ব্লাঁ। পুরো ফিট যে নন সেটা বোঝা গেল লুইজকে দেখেই। সুয়ারেজের দুটো গোলই হয়েছে তাঁর ভুলে। দ্বিতীয় গোলটার সময় শেষ ডিফেন্ডার ছিলেন লুইজ। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকার তাঁকে এমনভাবে পেরিয়ে গেছেন, যেন তিনি সেখানে ছিলেনই না। সব মিলিয়ে দুঃস্বপ্নের মতো একটা রাত কেটেছে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।

বার্সার মাইলফলক, জাভির রেকর্ড

দ্বিতীয় দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৪০০ গোলের মাইলফলক পেরোল বার্সেলোনা। পিএসজির বিপক্ষে ৩ গোলসহ চ্যাম্পিয়নস লিগ যুগে বার্সেলোনার গোল এখন ৪০১টি। ৪৩৬ গোল নিয়ে তালিকায় সবার ওপরে রিয়াল মাদ্রিদ। ৩৪৯ গোল নিয়ে রিয়াল ও বার্সেলোনার পেছনে আছে বায়ার্ন মিউনিখ। আগের দিন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। পরশু চ্যাম্পিয়নস লিগে ১৪৭তম ম্যাচটা খেলতে নেমে ক্যাসিয়াসের পাশে বসেছেন বার্সেলোনা মিডফিল্ডার জাভি হার্নান্দেজও।

কুয়ারেসমার কারিশমা

প্লে-অফের একটা ম্যাচসহ এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পরশু রাতের আগ পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন রিকার্ডো কুয়ারেসমা। গোল পেয়েছেন মাত্র একটি, গ্রুপ পর্বে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। সেই কুয়ারেসমাই পরশু নবম ম্যাচে শুরুতেই কাঁপিয়ে দিলেন বায়ার্ন মিউনিখকে। ৩ মিনিটে ম্যানুয়েল নয়্যারের ফাউলের কারণে পাওয়া পেনাল্টি থেকে প্রথম গোল। ১০ মিনিটে বায়ার্ন ডিফেন্ডার দান্তের ভুলের সুযোগে করলেন দ্বিতীয় গোলটাও। ফল, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মতো খেলার ১০ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে পড়ার তিক্ত অভিজ্ঞতা হলো বায়ার্নের। এর আগে ২০০৯-১০ মৌসুমের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এ অভিজ্ঞতা হয়েছিল জার্মান ক্লাবটির।

অবশেষে হার

দুটি অন্য রকম রেকর্ড ভেঙে গেল পরশু রাতে। এর আগে পর্তুগালের মাঠে কোনো ম্যাচ হারেনি বায়ার্ন মিউনিখ। দ্রাগাও স্টেডিয়ামে জার্মান চ্যাম্পিয়নদের সেই হারের স্বাদ দিল পোর্তো। নিজের মাঠে চ্যাম্পিয়নস লিগে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার পিএসজির রেকর্ডটাও ভেঙে দিল কাল বার্সেলোনা।

চোটজর্জর বায়ার্ন

আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, ডেভিড আলাবাসহ ছয়জন চোটের কারণে দলের বাইরে। সেরা দলটিকে তাই পাননি বায়ার্ন কোচ গার্দিওলা। হারের পেছনে এটাকে বড় কারণ বলে মনে করছেন বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে, ‘এই মুহূর্তে পুরো ফিট আছে আমাদের মাত্র ১৩-১৪ জন খেলোয়াড়। আর এরা সপ্তাহে তিনটি ম্যাচ খেলছে। এটাই বাস্তবতা।’