বিএসপিএর পুরস্কারে প্রথম আলোর পাঁচ

এক ফ্রেমে পদকজয়ী সব সাংবাদিক। আজ বিওএর অডিটরিয়ামেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার নিতে মঞ্চে দাঁড়িয়ে তিন সাংবাদিক মাসুদ আলম, বদিউজ্জামান ও রানা আব্বাস। সঞ্চালক রেজওয়ানুজ্জামান মজা করে বলছিলেন, ‘এই তিনজনের মধ্যে একটা মিল আছে। দর্শকদের সেটা বলতে হবে।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্‌–বাংলা ব্যাংক মিলনায়তনে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে বলে উঠলেন, ‘সবাই প্রথম আলোর সাংবাদিক।’

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) টানা পঞ্চমবারের মতো আজ দিয়েছে ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার। এতে গত বছরে প্রথম আলোয় ছাপা হওয়া বিভিন্ন প্রতিবেদন ও ছবির জন্য চারটি বিভাগে সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছেন প্রথম আলোর চার সাংবাদিক মাসুদ আলম, বদিউজ্জামান, রানা আব্বাস ও ফটোসাংবাদিক শামসুল হক।

ফিচার বিভাগের সেরা হয়েছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার রানা আব্বাস। এ বিভাগে প্রথম রানারআপ প্রথম আলোর সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান এবং দ্বিতীয় রানারআপ প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

স্পোর্টস ফটোগ্রাফি বিভাগের সেরা কালের কণ্ঠের মীর ফরিদ, প্রথম রানারআপ ডেইলি স্টারের ফিরোজ আহমেদ এবং দ্বিতীয় রানারআপ প্রথম আলোর বিশেষ ফটো সাংবাদিক শামসুল হক।

সাক্ষাৎকার বিভাগের সেরা ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম, প্রথম রানারআপ হয়েছেন কালের কণ্ঠের মাসুদ পারভেজ এবং দ্বিতীয় রানারআপ ডিবিসি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা জহির।

বর্ষসেরা সাংবাদিকের পুরস্কার জিতেছেন সমকালের সেকান্দার আলী, এই বিভাগে প্রথম রানারআপ মোহাম্মদ ইসাম এবং দ্বিতীয় রানারআপ মাসুদ আলম। অনুষ্ঠানে দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী ও মাহমুদুল হাসান শামীমকে দীর্ঘ সময় ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেওয়া হয়।

পুরস্কারজয়ীদের বেছে নিতে পাঁচ সদস্যের বিচারক প্যানেলে ছিলেন প্রবীণ ক্রীড়া সাংবাদিক ও কোচ জালাল আহমেদ চৌধুরী, সাংবাদিক দিলু খন্দকার, এম এম কায়সার, হাসান উল্লাহ খান রানা ও দুলাল মাহমুদ। বিজয়ীদের হাতে ট্রফি ও অর্থ পুরস্কারের চেক তুলে দেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজার হাত থেকে ফিচার বিভাগের সেরার পুরস্কার নিচ্ছেন রানা আব্বাস। পাশে বদিউজ্জামান ও মাসুদ আলম
ছবি: প্রথম আলো

‘বাংলাদেশের ক্রিকেট বন্ধু’ শিরোনামে ফিচার প্রতিবেদনের জন্য সেরা হয়েছেন রানা আব্বাস। দ্বিতীয়বারের মতো এই তরুণ সাংবাদিক জিতলেন বিএসপিএর ক্রীড়া পুরস্কার। ট্রফি জয়ের পর উচ্ছ্বসিত রানা জানালেন এ প্রতিবেদন তৈরির পেছনের গল্প, ‘ব্রিটিশ ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিক রবিন মারলারের ওপর এই প্রতিবেদন করেছিলাম। আমাদের ক্রিকেটে সেভাবে তাঁর নামটা উচ্চারিত হতে দেখি না। কিন্তু উনার একটা প্রতিবেদন সানডে টাইমসে ছাপা হয় “উইদার বাংলাদেশ” শিরোনামে। ১৯৭৬ সালে প্রকাশিত ওই প্রতিবেদন বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই প্রতিবেদন সহজ করে দেয় বাংলাদেশের আইসিসির সদস্যপদ পেতে। আমি গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপ কাভার করতে গিয়ে এই প্রতিবেদন লিখেছিলাম।’

মাসুদ আলম জিতেছেন দুটি ট্রফি। দুই হাতে দুটো পুরস্কার নিয়ে বলছিলেন, ‘এই পুরস্কার তরুণদের জন্য অনুপ্রেরণা। আমি যে প্রতিবেদনের জন্য বর্ষসেরা রানারআপ হয়েছি, সেটা বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের নিয়ে। অনেকে চেয়ার দখল করে বসে থাকেন, কিন্তু কাজ করেন না। এটা নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছি। আরেকটি প্রতিবেদন ছিল তিরন্দাজ রোমান সানার উঠে আসার গল্প নিয়ে।’

গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ ক্রিকেট দলের দুঃস্বপ্নের এক সফরের সঙ্গী ছিলেন মোহাম্মদ ইসাম। ওই সময় ক্রিকেটার তামিম ইকবালের অন্য রকম এক সাক্ষাৎকার নিয়েছিলেন ইসাম, যেটা তাকে এনে দিয়েছে এই পুরস্কার।

ইসাম বলছিলেন, ‘আমরা সাধারণত কারও সাক্ষাৎকার নিতে প্রস্তুতি নিয়ে যাই। কিন্তু এই সাক্ষাৎকার নিতে একটা সাহস লেগেছিল। এমন ভয়ংকর মুহূর্তে দেশে ফেরার পথে সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দরে ট্রানজিট ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তখনো সবার চোখে–মুখে আতঙ্ক। হঠাৎ আমি তামিমকে বলেছিলাম, একটা সাক্ষাৎকার দেবেন? ও বলেছিল, রেকর্ডার অন করেন। টানা ৪৫ মিনিট কথা বলেছিল। ওটাই প্রকাশিত হয়েছিল তামিমের নামে, ক্রিকইনফোয়।’