বিকেএসপি এবং প্রতিভার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপির ইমন আটকে গেলেন রংপুরের গোলমুখে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচটাও হলো ড্র l প্রথম আলো
বিকেএসপির ইমন আটকে গেলেন রংপুরের গোলমুখে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচটাও হলো ড্র l প্রথম আলো

বয়সভিত্তিক ঘরোয়া ফুটবলে সবচেয়ে বেশি দাপট দেখানোর কথা বিকেএসপির। কারণ একমাত্র এই প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক শিক্ষা পান ভাবী ফুটবলাররা। জেলাগুলোতে সেভাবে খেলাই হয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব এবং আধুনিক কোচিং নেই বলে পরিপূর্ণভাবে গড়ে ওঠেন না জেলার ফুটবলার।

কিন্তু কাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচটা অন্তত ভিন্ন কিছু জানাল। এই ম্যাচে রংপুরের বিপক্ষে জিততে পারেনি বিকেএসপি। পিছিয়ে পড়ে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে বিকেএসপি বছরব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত নবীনেরা।

৭২ মিনিটে ফুয়াদের পেনাল্টি গোলে এগিয়ে যায় রংপুর। দলটির অধিনায়কসহ আরও দুজন ফুটবলার চোখ কেড়েছেন উপস্থিত বাফুফের কোচদের। তবে বিকেএসপি ঠিক সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ৮৫ মিনিটে কবিরের গোলে পরাজয় এড়াতে পারাটাই দলটির সান্ত্বনা। দিনের দ্বিতীয় ম্যাচে ৮৩ মিনিটে ইমনের একমাত্র গোলে ঢাকা জিতেছে রাজশাহীর বিপক্ষে। বয়সের কারণে ১২ ফুটবলার বাদ পড়ায় বলতে গেলে নতুন এক দল নিয়েই খেলতে হয়েছে ঢাকাকে।

বিকেএসপির এমন কোনো সমস্যা ছিল না। তারা সুপ্রশিক্ষিত দল। তবে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচে সেটির প্রতিফলন ঘটল না। কোচ পরিতোষ দেওয়ান অবশ্য হতাশ নন, ‘প্রথম ম্যাচে একটু আড়ষ্ট থাকায় ছেলেরা সেরাটা দিতে পারেনি। তবে এখানে বেশ কয়েকজন খেলোয়াড় আছে, ভবিষ্যতে যারা জাতীয় দলে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।’

এই টুর্নামেন্টের বাছাইপর্বেই অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বিকেএসপি। নিজেদের সামর্থ্যের প্রমাণ ওই পর্বে দিতে পেরেছে বলেই মনে করছেন ২১ বছর আগে বিকেএসপির প্রথম ব্যাচের ছাত্র পরিতোষ।

একসময় বিকেএসপি থেকে অনেক ভালো ফুটবলার বেরিয়ে এসেছেন। মাসুদ রানা, হাসান আল মামুন, বখতিয়ার, ফিরোজ মাহমুদ টিটুরা বিকেএসপিরই ছাত্র। সাম্প্রতিক অতীতে মামুনুল, এমিলি, জাহিদরা বেরিয়েছেন এই ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। কিন্তু বেশ কয়েক বছর হলো বিকেএসপির কোনো ফুটবলার জাতীয় স্তরে আলোচনায় উঠে আসতে পারছেন না। পরিতোষ যে কারণটার কথা বললেন, সেটি ফুটবলের জন্য অশনিসংকেতই, ‘এখন কেন যেন প্রতিভা একটু কম। আগে প্রতিভাবান ফুটবলার অনেক বেশি ছিল।’