বিকেলে ম্যাচ, সকালে অনুশীলন মেয়েদের!

এ যেন পরীক্ষার হলে ঢোকার আগে শেষ মুহূর্তে পড়া ঝালিয়ে নেওয়া। নয়তো বিকেলে উত্তর কোরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষার আগে বাংলাদেশের মেয়েদের কেন সকালেই নামিয়ে দেওয়া হলো অনুশীলনে! আন্তর্জাতিক ম্যাচের আগে যেখানে খেলোয়াড়দের নির্ভার, চনমনে রাখার চেষ্টা করা হয়, সেখানে কেন আমাদের অনূর্ধ্ব-১৬ দলকে অনুশীলনের ধকল সামলাতে হলো! জানা গেছে, এটি নাকি বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলির সিদ্ধান্ত। কোচ গোলাম রব্বানী ছোটন তাঁর নির্দেশ বা পরামর্শেই ম্যাচের সকালে কৃষ্ণা-সানজীদা-স্বপ্নাদের অনুশীলনে নামিয়েছেন। অনুশীলনটা বেশিক্ষণ হয়নি—মাত্র ৪৫ মিনিট, কিন্তু তারপরেও অনুশীলন তো! সকালের এই অনুশীলন ম্যাচে না আবার প্রভাব রাখে।
উত্তর কোরিয়ার সঙ্গে খেলা আজ বাংলাদেশের সময় বিকেল চারটায়। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নস এই উত্তর কোরিয়া। নারী ফুটবলে বিশ্বের অন্যতম সেরাই। এমন একটা ম্যাচের নামার কয়েক ঘণ্টা আগে রোদের মধ্যে অনুশীলন—ব্যাপারটি নিয়ে প্রশ্ন উঠছেই।
নারী ফুটবল-ঐতিহ্যে অনেক এগিয়ে উত্তর কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া জাতীয় নারী ফুটবল দলের অবস্থান ১০ নম্বর। বাংলাদেশের ১০৬। চারবার বিশ্বকাপে খেলেছে উত্তর কোরিয়া; এশিয়ান কাপ ও এশিয়ান গেমসেও তিনবারের চ্যাম্পিয়ন। বয়সভিত্তিক এই টুর্নামেন্টেও উত্তর কোরিয়া দুবারের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ। আর বাংলাদেশ এই প্রতিযোগিতায় খেলছে মাত্র দ্বিতীয়বারের মতো। বাছাইপর্ব পেরিয়ে এবারই প্রথম। সবকিছু মিলিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা আকাশ-পাতাল। কিন্তু প্রতিভাবান বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল সেই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের উজাড় করে দিয়ে খেলার লক্ষ্যই স্থির করেছে। নিজেদের পরিশ্রম আর প্রতিভা দিয়ে প্রতিপক্ষের সঙ্গে পার্থক্যটা কমিয়ে আনতে চাইছে তারা।
এই প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতিটা হয়েছে দারুণ। গত এক বছরজুড়ে অনুশীলন করেছে মেয়েদের দল। সিঙ্গাপুর, জাপান, চীন, দক্ষিণ কোরিয়ায় খেলেছে একাধিক প্রস্তুতি ম্যাচ। তবে এত কিছুর পরও বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাস্তবতার জমিনে পা রাখছেন, ‘আমাদের বাস্তবতা বুঝতে হবে কাদের সঙ্গে খেলতে যাচ্ছি।’ যদিও ফুটবলারদের অনুপ্রাণিত করার কাজটা ঠিকই করে যাচ্ছেন, ‘আমাদের মহিলা ফুটবলের জন্য এটা স্মরণীয় মুহূর্ত। মনে হচ্ছে যেন বিশ্বকাপে খেলতে যাচ্ছি। মেয়েরা খেলার জন্য মানসিকভাবে তৈরি।’
নির্দিষ্ট কোনো লক্ষ্যের চেয়ে ভালো খেলার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন গোলাম রব্বানী, ‘ড্র করব নাকি জিতব, তা বলতে চাই না। বিশ্বের সেরা একটা দলের সঙ্গে খেলতে যাচ্ছি, আমাদের লক্ষ্যই থাকবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়া। ভালো ফুটবল খেলা।’
ভালো ফুটবলের সংজ্ঞাটা গোলাম রব্বানীর কাছে অন্য রকম। মুখে সরাসরি কিছু বলতে চান না। কিন্তু মাঠে মেয়েদের কাছ থেকে পারফরম্যান্স বের করে আনেন। কয়েক বছর ধরে এই মেয়েরাই তাঁর অধীনে নেপালে ও তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপে হয়েছে সেরা। ঢাকায় বর্তমান টুর্নামেন্টের বাছাইপর্বেও চ্যাম্পিয়ন। এরপর ভারতে হওয়া সর্বশেষ মহিলা সাফেরও ফাইনালে ওঠে বাংলাদেশ। যেখানে জাতীয় দলের মোড়কে খেলেছে এই দলের বেশির ভাগ মেয়ে! তবে গোলাম রব্বানী স্বপ্ন দেখলেও মুখে বলছেন অন্য কথা, ‘আমাদের চেয়ে ওরা অনেক ওপরে। আমরা এই পর্যায়ে প্রথম ফুটবল খেলতে যাচ্ছি। ম্যাচের ফল বাজে হতেই পারে। কিন্তু খেলোয়াড়ি মন নিয়ে যেন দেশবাসী তা মেনে নেয়। আমরা ওদের অনুপ্রাণিত করা ছাড়া অন্য কিছু বলতে চাই না।’