বিজেএমসিকে সেমিফাইনালে তুললেন তপু
শেষ বাঁশি বাজতে তখন মিনিট খানেক বাকি। কর্নার থেকে উড়ে আসা আবদুল্লাহ পারভেজের ফ্রি-কিকে মাথা ছুঁয়েই ভো দৌড় দিলেন বিজেএমসির ফরোয়ার্ড মেহেদী হাসান তপু। মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন খান শুধুই চেয়ে দেখলেন। ততক্ষণে ম্যাচে ফেরার আশাও শেষ মুক্তিযোদ্ধার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ কোয়ার্টার ফাইনালে তপুর একমাত্র গোলেই বিজেএমসি হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাকে।
২৩ জুন প্রথম সেমিফাইনালে বিজেএমসি মুখোমুখি হবে আরামবাগের। পরদিন আরেক সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল।
এবারের ফেডারেশন কাপটা যেন ছোট দলগুলোর জন্য বাড়তি একটা অনুপ্রেরণা। মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, চট্টগ্রাম আবাহনীর মতো দলগুলোকে ছিটকে দিয়ে শেষ চারে উঠে গেছে কম বাজেটের দল বিজেএমসি ও আরামবাগ।
মুক্তিযোদ্ধাকে হারিয়ে ডাগআউটে খেলোয়াড়-কর্মকর্তারা যেন ট্রফি জয়ের উদ্যাপনই সেরে নিলেন।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে বিজেএমসি। মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে বারবার অবশ্য খেই হারিয়েছেন বিজেএমসির ফরোয়ার্ডরা।
মুক্তিযোদ্ধাও গোলের সহজ সুযোগ পেয়েছে ৫৬ মিনিটে। কিন্তু নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলোর ক্রস থেকে পাওয়া বলে পা ছোঁয়াতেই পারলেন না সাইমন এজেয়োদিকা। এরপর ৮২ মিনিটে বিজেএমসির সৈকত মাহমুদের ক্রস থেকে পাওয়া বলে স্যামসান ইলিয়াসু বেশ জোরালো শটই নিয়েছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধার গোলরক্ষক দ্বিতীয় চেষ্টায় বলটি ক্লিয়ার করেন। এরপর ম্যাচের শেষ মিনিটে তপুর কর্নার থেকে করা গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে বিজেএমসি।