ব্রাদার্সের নাইজেরীয় ফুটবলারের মৃত্যু
>

• ২০১২-১৩ মৌসুমে ব্রাদার্সের জার্সিতে প্রথম বাংলাদেশে খেলেন এডামস জাঙ্কাসা
• সর্বশেষ মৌসুমে এডামস মোহামেডানে যোগ দিয়েছিলেন
• গতকাল নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এডামস
• মৃত্যুকালে এডামসের বয়স ছিল ২৬
ফেসবুক প্রোফাইলে বিজেএমসির জার্সি পরা ছবিটা জ্বলজ্বল করছে। কাভার ফটোতে আছে একই ক্লাবের প্রথম একাদশের ছবি। কিন্তু সেই এডামস জাঙ্কাসা আর নেই। গতকাল নিজ দেশ নাইজেরিয়াতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন এ ডিফেন্ডার। ২৬ বছর বয়সে অকালেই চলে গেলেন।
নাইজেরিয়া অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নিয়েই ঢাকার ফুটবলে পা রেখেছিলেন এডামস। প্রায় ছয় বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিলেন নিয়মিত মুখ। সর্বশেষ মৌসুমে যোগ দিয়েছিলেন মোহামেডানে। তবে লিগের দ্বিতীয় পর্বে ক্লাব বদল করে নাম লেখান ব্রাদার্সে। কমলা জার্সিতেই ২০১২-১৩ মৌসুমে শুরু হয়েছিল তাঁর বাংলাদেশ মিশন। এরপর বিজেএমসি, মোহামেডানের হয়ে শেষটা হলো ব্রাদার্সেই। দ্বিতীয় লিগে ব্রাদার্সের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছিলেন। এই তো কিছুদিন আগেই গিয়েছিলেন নাইজেরিয়ায়।
এডামসের এই অকাল চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ব্রাদার্সের সার্বিয়ান কোচ নিকোলাচ ভিটরোবিচ, ‘গতকাল সকালেও আমার সঙ্গে কথা হয়েছিল এডামসের। আজ সকালে ব্রাদার্সে খেলা অন্য নাইজেরিয়ান সিও জুনাপিও আমাকে জানাল এডামসের মৃত্যুর কথা। আমি বিশ্বাসই করতে পারছি না। আমার অধিনায়ক পরপারে ভালো থাকুক।’