বিজ্ঞাপনী চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, আপনার প্রিয় খেলোয়াড় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় মোটামুটি নিয়মিত। তাঁর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি জানতে, তাঁর কাছ থেকে অনুপ্রেরণা নিতে কী করবেন আপনি? আর যা-ই করুন, সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়টিকে অনুসরণ করবেন না! অন্তত অ্যাডিডাসের পরামর্শ সে রকমই। বিশ্বখ্যাত এই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লিওনেল মেসির অন্যতম প্রধান স্পনসর। বার্সেলোনা তারকাকে নিয়ে নতুন বিজ্ঞাপন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। সেখানে মেসিকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় অনুসরণ না করতে তাঁর ভক্তদের পরামর্শ দিয়েছে তারা। বরং উৎসাহিত করছে নিজেকে গড়ে নিতে। অ্যাডিডাসের ভাষায়, ‘কেউই কখনো অন্যকে অনুসরণ করে কিছু করতে পারেনি। লিওনেল মেসি, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়, আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নিজের পথ গড়ে নিতে এবং এই কাজে তাঁকে অনুসরণ না করতে।’ স্পনসরদের বিপণন কৌশলই থাকে চুক্তিবদ্ধ তারকাদের অনুসরণকারীর সংখ্যা বাড়ানো। অ্যাডিডাস সেটি বাড়াচ্ছে না কমাচ্ছে, আপনারাই বলুন! ব্লিচার রিপোর্ট।