বিজয়ের দিনে কিশোরীদের সাফ জয়ের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের দিনে অনূর্ধ্ব ১৫ নারী দলের অনুশীলন। ছবি : শামসুল হক
বিজয় দিবসের দিনে অনূর্ধ্ব ১৫ নারী দলের অনুশীলন। ছবি : শামসুল হক

‘একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার...সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার...!’ গানটি এমনিতেই মনের মধ্যে অন্য রকম এক অনুভূতি এনে দেয়। বিজয় দিবসের দিনে গানটি যেন প্রত্যেক বাঙালিকেই আবেগে আপ্লুত করে। আজ সকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল যখন দেশের মাটিতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত, তখন বাতাসে ভেসে আসছিল এই গানটিই।
বিজয় দিবস বলেই বাফুফের অ্যাস্ট্রোটার্ফ মাঠের আশপাশের ভবনগুলোয় পতপতিয়ে উড়ছিল জাতীয় পতাকা। দেশাত্মবোধক গান আর লাল-সবুজের আবহের মধ্যেই মেয়েরা নেমে পড়ল অনুশীলনে। তাদের চোখে-মুখে প্রত্যয়। যেভাবেই হোক জিততে হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা।
‘প্রেস’ ‘মুভ’, ‘কুইক পাস’—কোচ গোলাম রব্বানী ছোটন এই শব্দগুলো উচ্চারণ করেই অনুশীলনের নির্দেশনা দিচ্ছিলেন। সেই নির্দেশনাগুলোর সঙ্গে পা মেলালেন মারিয়া মান্ডা, তহুরা খাতুনরা। ট্যাকটিক্যাল সেশনে নিখুঁতের ছোঁয়া। ফিনিশিং অনুশীলনে উইং থেকে উড়ে আসা ক্রসগুলোয় গোল হলো প্রায় প্রতিটিতেই। অন্য দিনের চেয়ে আজ মেয়েদের শরীরী ভাষাই অন্য রকম। সেটি তো হবেই। বিজয় দিবসের মাহাত্ম্যই যে অন্য রকম।
শিষ্যদের বদলে যাওয়াটা চোখ এড়ায়নি কোচ ছোটনের, ‘সকালের নাশতার টেবিল থেকে খেয়াল করছি মেয়েরা খুবই উজ্জীবিত। প্র্যাকটিস সবাই দারুণ করেছে।’ এরপরই হাসতে হাসতে বললেন, ‘বিজয়ের গানগুলো মেয়েদের খুব নাড়া দিয়েছে নিশ্চিত।’ মেয়েদের কোনো কিছুই ছোটনের চোখ এড়ায় না। তাদের যে নিজের দুই হাতের তালুর মতোই চেনেন তিনি।
কাল থেকেই শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও ভুটান এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দল। অনূর্ধ্ব-১৫ পর্যায়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই হবে লিগ পদ্ধতিতে। রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ২৪ ডিসেম্বর খেলবে ফাইনালে। কাল দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের শিরোপা জয়ের মিশন। বিজয় দিবসের দিনে চলল এর চূড়ান্ত প্রস্তুতি।
দেশের মাটিতে শিরোপাটা চাই-ই চাই বাংলাদেশের।‌ সে কথাটাই বলল অধিনায়ক মারিয়া মান্ডা, ‘আমরা অনেক দিন ধরেই টুর্নামেন্টটার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’ বিজয় দিবসে বিজয়ের শপথ মারিয়ার।
লাজুক মারিয়াও প্রাণচঞ্চল। দলটির শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু, তা বাংলাদেশ দলের অধিনায়কের মুখ দেখেই পড়ে নেওয়া গেল। বিজয়ের মাসে সাফের বিজয়টা হাতে ধরা দিলে তা হবে দারুণ এক ব্যাপার।