বিটলসের গান গেয়ে খেলোয়াড় স্বাগত জানাল ডর্টমুন্ড

>বার্মিংহাম সিটি থেকে তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে দলে ভিড়িয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড
সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান ক্লাবগুলো নিয়মিত মজাদার পোস্ট দেয়। রসাত্মক কিংবা চমক জাগানো একেকটা পোস্ট দিয়ে হাসিয়ে ছাড়ে ভক্ত-অনুসারীদের। এ তালিকায় বরুসিয়া ডর্টমুন্ড থেকে শুরু করে বরুসিয়া মনশেনগ্লাদবাখ, বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন কিংবা শালকে ০৪ - সব ক্লাবই আছে। তবে এবার ডর্টমুন্ড যা করে দেখাল, খুব সম্ভবত অন্য কোনো ক্লাব সেটা করেনি।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহামকে দলে টানতে চাইছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এর আগে ম্যানচেস্টার সিটি থেকে জাডন সানচোকে নামমাত্র মূল্যে কিনে আশাতীত সাফল্য পেয়েছে দলটা। ফলে আবারও ইংল্যান্ড থেকে আনকোরা প্রতিভা কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে দলটা। আজ সেই দলবদল চূড়ান্ত হয়েছে। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে কিনতে আড়াই কোটি পাউন্ডেরও বেশি খরচ করেছে ডর্টমুন্ড। উদ্দেশ্য পরিষ্কার, সানচো যেমন ঝলক দেখিয়ে নিজের সম্ভাব্য দাম দশ-বারো কোটিতে নিয়ে গেছেন, বেলিংহামের ক্ষেত্রেও যেন তাই হয়।
ডর্টমুন্ড ছাড়াও বেলিংহামের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। লাভ হয়নি। তরুণ ইংলিশ প্রতিভারা এখন নিয়মিত মূল একাদশে সুযোগ পাওয়ার জন্য ইংল্যান্ড নয়, বরং জার্মানিকেই পছন্দ করছেন-সানচো, রিস নেলসন, জনজো কেনির পর এখন বেলিংহামও সেটাই প্রমাণ করলেন যেন।
তবে আলোচনার বিষয় সেটা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বেলিংহামকে দলে আনার খবর ডর্টমুন্ড দিয়েছে চমকপ্রদ ভাবে। বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের বিখ্যাত গান 'হেই জুড'। সেই গান দলের তারকাদের দিয়ে গাইয়ে নতুন খেলোয়াড়কে স্বাগত জানিয়েছে ডর্টমুন্ড। নতুন সতীর্থের জন্য গান গেয়েছেন জুলিয়ান ব্র্যান্ট, ড্যান-অ্যাক্সেল জাগাদু, ম্যানুয়েল আকাঞ্জি, মাতেউ মোরে, মার্সেল শ্মেলৎজার, রাফায়েল গেরেইরোরা। ডর্টমুন্ডের অভিনব এই কাজ বেশ সাড়া ফেলেছে ভক্তদের মধ্যে।
ওদিকে বেলিংহামকে না পেলেও ডর্টমুন্ড থেকে ওই সানচোকে নেওয়ার ব্যাপারে বেশ এগিয়ে গিয়েছে ইউনাইটেড। সানচো ক্লাব ছাড়ুন বা না ছাড়ুন, তাঁর জায়গায় আগে থেকেই একজনকে কিনে কাজ এগিয়ে রাখল যেন ডর্টমুন্ড।