বিতর্ক এড়িয়ে গেলেন রোনি!
গত অক্টোবরে ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছিলেন রোনালদিনহো। মাঠে কোনো অবদান রাখতে পারছেন না, তাই দুই পক্ষের সম্মতিতে বিদায় নেওয়া। কিন্তু চুক্তির শর্ত রক্ষা করতেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ট্রফিতে রোনালদিনহোকে খেলতে হবে ফ্লুমিনেন্সের হয়ে। কদিন আগেই যে ক্লাবকে বিদায় বলে দিলেন, সেই দলের জার্সিতে আবারও রোনালদিনহোকে খেলতে দেখার ব্যাপারটি পছন্দ হয়নি ফ্লুমিনেন্স সতীর্থ ফ্রেডের। শুধু প্রীতি একটি টুর্নামেন্ট খেলতে রোনালদিনহোর ফিরে আসাকে ‘বাজে সিদ্ধান্ত’ বলেছিলেন ফ্রেড। বিতর্কের আঁচ পেয়েই ফ্রেডের এই মন্তব্যের উত্তরে কূটনৈতিক পথে হেঁটেছেন দুবারের ফিফা বর্ষসেরা। সংবাদমাধ্যমের জিজ্ঞাসার জবাবে ফ্রেডের মন্তব্য নিয়ে মুখ খুললেও বললেন শুধু এটুকুই, ‘সবারই নিজের মতামত জানানোর অধিকার আছে।’ আজ শাখতার দোনেৎস্কের বিপক্ষে মাঠে নামবে ফ্লুমিনেন্স। সে জন্যই হয়তো দলের মনোযোগটা অপ্রীতিকর বিষয়ের দিকে নিতে চাইলেন না রোনালদিনহো। আইএএনএস।