বিতর্কিত গোলে ব্রাজিলের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই বিতর্কিত মুহূর্ত। পোলোর ক্রসে ডান হাত বাড়িয়ে ব্রাজিলের জালে বল পাঠিয়ে দিলেন রাউল রুইদিয়াজ। ব্রাজিল খেলোয়াড়দের জোরালো প্রতিবাদের পরও গোলের সিদ্ধান্তে অটল থাকলেন রেফারি। কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ল ব্রাজিল l এএফপি
সেই বিতর্কিত মুহূর্ত। পোলোর ক্রসে ডান হাত বাড়িয়ে ব্রাজিলের জালে বল পাঠিয়ে দিলেন রাউল রুইদিয়াজ। ব্রাজিল খেলোয়াড়দের জোরালো প্রতিবাদের পরও গোলের সিদ্ধান্তে অটল থাকলেন রেফারি। কোপা আমেরিকা থেকে ছিটকে পড়ল ব্রাজিল l এএফপি

শেষ বাঁশি বাজতে ১৬ মিনিট বাকি। ড্র করলেই ব্রাজিল কোয়ার্টার ফাইনালে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই। ডান দিক থেকে ক্রস করলেন পেরুর আন্দি পোলো। ডান হাতটা একটু সামনে এগিয়ে বলটা জালে ঠেলে দিলেন রাউল রুইদিয়াজ। কী বিস্ময়কর, রেফারি গোলের বাঁশি বাজিয়ে দিলেন! এর পর চার মিনিটের এক নাটক হলো, কিন্তু গোলটা বহালই থাকল। ১-০ গোলে ম্যাচটা হেরে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ব্রাজিল।
১৯৮৭ সালের পর এই প্রথম কোপার গ্রুপ পর্বেই থেমে গেল ব্রাজিলের অভিযান। আর ১৯৬৬ সালের পর এই প্রথম কোনো প্রতিযোগিতায় চার দলের গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তৃতীয়। কিন্তু ব্রাজিলকে যেভাবে বিদায় নিতে হলো, সেটি নিয়েই এখন তুমুল সমালোচনা।
রুইদিয়াজ যে বলটা হাত দিয়ে ঠেকিয়েছেন, সেটা খালি চোখেই দেখা গেছে। উরুগুইয়ান রেফারি আন্দ্রে কুনহা গোলের বাঁশি বাজানোর পর ব্রাজিলের খেলোয়াড়েরা তাঁকে ঘিরে ধরেছিলেন। কুনহাও তখন একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পরে চতুর্থ রেফারিকে ডেকে তাঁর সঙ্গে কথা বলেন। কিন্তু তার পরও সিদ্ধান্তে আসতে পারেননি। ততক্ষণে ব্রাজিল-পেরু দুই দলের খেলোয়াড়েরাই রেফারিকে ঘিরে ধরেছেন। রেফারি হেডফোনে কার সঙ্গে যেন কথা বলছেন। কিন্তু কোপাতে তো কোনো ভিডিও রেফারি নেই! তাহলে রেফারি কার সঙ্গে কথা বলছেন সেই প্রশ্নও উঠল। শেষ পর্যন্ত রেফারি গোলটা আর বাতিল করলেন না। ব্রাজিলেরও কপাল পুড়ল তাতেই।
ব্রাজিল অবশ্য এর পর গোল শোধের প্রাণপণ চেষ্টা চালিয়েছে। যোগ করা সময়ে এলিয়াস একটা সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। গোল আর আসেনি। জিতল তাই পেরু, ১৯৭৫ সালের পর ব্রাজিলের বিপক্ষে কোপায় প্রথমবারের মতো।
এই ম্যাচটা ড্র হলেই বাদ পড়ে যেত যে পেরু তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। দিনের আগের ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেছে ইকুয়েডরও, শেষ আটে তারা মুখোমুখি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। এএফপি, রয়টার্স।