গত ২৪ জুলাই চট্টগ্রামে শুরু হয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কাল ঢাকায় শেষ হলো এর প্রথম পর্ব। জয় দিয়েই প্রথম পর্ব শেষ করেছে মুক্তিযোদ্ধা। ১০ দিনের বিরতির পর ঢাকায় শুরু হবে দ্বিতীয় পর্ব।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে ফেনী সকারকে হারিয়েছে। অন্য ম্যাচে আরামবাগ ১-১ গোলে ড্র করে বিজেএমসির সঙ্গে।
গত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলতে গিয়ে পা ভেঙে লিগ শেষ হয়ে যায় মুক্তিযোদ্ধার স্ট্রাইকার তৌহিদুল আলমের। স্থানীয় ফুটবলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার (৫টি) তালিকায় থাকা স্ট্রাইকারের অভাব কাল ভালোভাবেই টের পেয়েছে মুক্তিযোদ্ধা। গোলের জন্য হন্যে হয়ে মাথা কুটতে থাকা মুক্তিযোদ্ধা ‘বিতর্কিত’ এক পেনাল্টি থেকে প্রথম গোলটি করে ৮৬ মিনিটে। বক্সের মধ্যে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার তানভির সতীর্থ সাইদুলের ধাক্কা খেয়ে পড়ে যান। অথচ পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি ভরতচন্দ্র গৌড়! পেনাল্টি থেকে গোল করেন সোহেল রানা। এরপর যোগ হওয়া সময়ে গোল করে জয় নিশ্চিত করেন সিমন এজেওদিকা। এই জয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নয়ে সকার ক্লাব।
শেষ ম্যাচে বিজেএমসি ১-১ গোলে ড্র করে আরামবাগের সঙ্গে। ৪৩ মিনিটে সাজিদ আরামবাগকে এগিয়ে নিলেও ৭১ মিনিটে সৈকতের গোলে সমতায় ফেরে বিজেএমসি। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে আরামবাগ, ১১ পয়েন্ট নিয়ে আটে বিজেএমসি। প্রথম পর্ব শেষে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।