আলো-আঁধারির মধ্যে ডাগআউটে দুই সহকারী আবদুল কাইয়ুম সেন্টু ও নিজাম মজুমদারকে নিয়ে বিষণ্ন বসে মারুফুল হক। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তাঁর দল আরামবাগ। তবে যেভাবে একঝাঁক নবীনকে নিয়ে লড়াই করেছে আরামবাগ, তাতে দুঃখ নয়, গর্বই করতে পারেন কোচ।
মোহামেডানের কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে একই ব্যবধানে আরামবাগ হারল চট্টগ্রাম আবাহনীর কাছে। অন্যদিকে দুই ম্যাচেই জিতে গ্রুপসেরা হয়েছে চট্টগ্রামের দলটি। কোয়ার্টার ফাইনালে তাদের সঙ্গী হয়েছে গ্রুপ রানার্সআপ মোহামেডান।
চট্টগ্রাম আবাহনী কাল ড্র করলেই গ্রুপসেরা হতো। টিকে থাকতে আরামবাগের প্রয়োজন ছিল জয়। পিছিয়ে পড়া ম্যাচে ফিরে জয়ের স্বপ্নও দেখছিল মতিঝিল ক্লাব পড়ার দলটি। কিন্তু ভালো খেলেও খেলোয়াড়দের অনভিজ্ঞতা ও রক্ষণভাগের দুর্বলতায় হারতে হলো।
গত ফেডারেশন কাপের রানার্সআপ আরামবাগের মাত্র দুজন খেলোয়াড় আছেন এই দলে। বাকিরা শীর্ষ ফুটবলে নতুন। গতবারের বেশির ভাগ ফুটবলার গেছেন চট্টগ্রাম আবাহনীতে। সেই দলের আবদুল্লাহ, জাফররা চট্টগ্রাম আবাহনীতে গিয়ে যদিও বেঞ্চেই সময় কাটাচ্ছেন। গতবার যাঁর হাত ধরে আরামবাগ চমক দিয়েছিল, সেই কোচ সাইফুল বারী এবার চট্টগ্রাম আবাহনীর। কাল তাই মারুফ-সাইফুল একটা লড়াইও হলো।
৩৪ মিনিটে চনমনে জাহিদের কর্নারে নাইজেরিয়ান স্ট্রাইকার আফিজ ওলাদিপুর শট জালে। মিনিট তিনেক পর আরামবাগের স্ট্রাইকার ইকাঙ্গা ১-১ করলে গতিময় ম্যাচটি জমে ওঠে।
তবে ৬২ মিনিটে আবারও জাহিদের কর্নারে প্রথমবার বল প্রতিহত হলেও ফিরতি বল আলতো টোকায় জালে ঠেলেন নাইজেরিয়ান ডিফেন্ডার অ্যালিসন। এরপর শাখাওয়াত রনি বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান আর বাড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী।
আজকের খেলা: শেখ জামাল-শেখ রাসেল (বিকেল ৫-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।
সেই বুকোলা আসছেন
স্ট্রাইকার-সংকট কাটাতে বুকোলা ওলালেকানকে আরামবাগে নিয়ে আসছেন কোচ মারুফ। ২০০৮ সালে তাঁর অধীনেই মোহামেডানে প্রথম খেলেন নাইজেরিয়ান স্ট্রাইকার। সে সময় নজর কেড়েছিলেন বুকোলা। বয়স হয়ে গেলেও গত বছর খেলেছেন মালদ্বীপে।