বিদায় বললেন ল্যাম্পার্ডও

কদিন আগেই বিদায় বলে দিয়েছিলেন স্টিভেন জেরার্ড। দীর্ঘদিনের ইংল্যান্ড সতীর্থের পথে হাঁটলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও। আর কখনো ইংল্যান্ডের জার্সি গায়ে দেখা যাবে না ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
কাল এক বিবৃতিতে সাবেক চেলসি মিডফিল্ডার জানিয়েছেন, ‘আমার জন্য এই সিদ্ধান্তটি নেওয়া খুবই কঠিন ছিল। সে জন্যই বিশ্বকাপের পর আমি এটা নিয়ে এত ভেবেছি। দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি সব সময়ই দারুণ গর্বিত। ইংল্যান্ডের জার্সি গায়ে প্রতিটা মিনিটই আমি উপভোগ করেছি।’ এই মৌসুমেই চেলসি থেকে যোগ দিয়েছেন মেজর সকার লিগ ক্লাব নিউইয়র্ক সিটিতে। নিজের পরিবারকে আরও বেশি সময় দেওয়ার জন্যই সিদ্ধান্তটা নিয়েছেন বলে জানিয়েছেন ল্যাম্পার্ড।
১৯৯৯ সালে ২১ বছর বয়সে বেলজিয়ামের বিপক্ষে অভিষেক। এরপর ইংল্যান্ড মধ্যমাঠ মানেই যেন ল্যাম্পার্ড-জেরার্ড। এই সময়ে দেশের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন (স্যার ববি চার্লটনের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ষষ্ঠ সর্বোচ্চ), গোল করেছেন ২৯টি। সর্বশেষ বিশ্বকাপে কোস্টারিকার সঙ্গে ইংল্যান্ডের সর্বশেষ ম্যাচে অধিনায়ক হিসেবেই মাঠে নেমেছিলেন। বিবিসি।