বিদায় লিভারপুলের জেরার্ড!

শব্দগুলো টাইপ করতে করতে একটু কি হাত কাঁপছিল না? হৃদয়ের গহিনে গুঞ্জরিত হচ্ছিল না ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ স্লোগান? ২০০৫ চ্যাম্পিয়নস লিগের সেই মহাকাব্যিক ফাইনালের স্মৃতিটাও মনে পড়ারই কথা। ২০০৬ সালে এফএ কাপ জেতানো সেই গোল বা বছর তিনেক আগে এভারটনের সঙ্গে করা সেই হ্যাটট্রিকটির কথাই বা ভোলেন কী করে? স্টিভেন জেরার্ড জানেন, একদিন সবকিছুই গল্প হয়ে যাবে। একদিন না একদিন লিভারপুলের জার্সি তুলে রাখতে হবেই। কিন্তু সেই মুহূর্তটা এত কাছে এসে যাবে, সেটা কে ভেবেছিল? কাল জানিয়ে দিয়েছেন, এটাই হবে লিভারপুলে তাঁর শেষ মৌসুম। তবে ফুটবলকে বিদায় জানাচ্ছেন না এখনই, খেলা চালিয়ে যাবেন অন্য কোনো ক্লাবে।
পেশাদারি জগতে আবেগের ঠাঁই নেই। অশ্রুপাত এখানে মূল্যহীন, সাফল্যই মুখ্য। এর মধ্যেও জেরার্ড আশ্চর্য ব্যতিক্রম, লিভারপুলের হয়ে গোল করার পর যেমন ভেসে গেছেন উচ্ছ্বাসে, তেমনি ঠোঁট কামড়ে চোখের জল ধরে রাখার ব্যর্থ চেষ্টাও করেছেন। ক্যারিয়ারে কত বড় বড় ক্লাবের প্রস্তাব পেয়েছেন। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় ফিরিয়ে দিয়েছেন সবাইকে, লিভারপুলকেই করেছেন জীবনের ধ্রুবতারা। বিদায়বেলায় ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া চিঠিতে উপচে পড়ল তাঁর আবেগের জোয়ার, ‘এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। লিভারপুল ক্লাবটা আমাদের সবার জীবনে এতটাই বিশাল জায়গা দখল করে আছে, বিদায় বলাটা খুব কঠিন। তবে আমি বলব, সবার ভালোর জন্যই এটা নিতে হয়েছে, আমার পরিবার ও ক্লাবের জন্যও বটে।’
১৯৯৮ সালে অভিষেকের পর থেকে লিভারপুল ও জেরার্ড একরকম সমার্থক। ৩৪ বছরের জীবনে দীর্ঘ ১২ বছর ধরে তাঁর হাতে লিভারপুল অধিনায়কের বাহুবন্ধনী, ‘স্টিভি জি’র হৃদয়ে লিভারপুল কতটা জায়গা দখল করে আছে সেটা বলবে এই কথাগুলোই, ‘আমি খেলা ছেড়ে দিচ্ছি না। তবে কোথায় যাচ্ছি সেটা এখনই বলতে পারছি না। এটুকুই শুধু বলতে পারি, সেটি বড় কোনো ক্লাব হচ্ছে না। তার মানে লিভারপুলের বিপক্ষে আমি খেলছি না, এটা তো আমার জন্য ভাবাও কঠিন।’ জেরার্ড কিছু না বললেও শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল এলএ গ্যালাক্সিই তাঁর পরবর্তী ঠিকানা।
খেলোয়াড় হিসেবে বিদায় নিচ্ছেন, ডাগআউটে কি ফিরবেন কখনো? জেরার্ডের কণ্ঠে ‘আবার আসিব ফিরে, অ্যানফিল্ডের তীরে’ অনুরণন, ‘আমার ইচ্ছা একদিন লিভারপুলে ফেরার, সেটা ক্লাবকে যেভাবেই সাহায্য করুক।’ খেলোয়াড় হিসেবে কখনো প্রিমিয়ার লিগ জিততে না পারার যে অতৃপ্তি নিয়ে সম্ভবত যেতে হচ্ছে, কোচ হিসেবে সেটা অর্জন করতে চাইবেনই।
সতীর্থরাও টুইটারে তাঁকে ভাসিয়ে দিয়েছেন প্রশংসায়। মারিও বালোতেল্লি বলছেন জেরার্ড যেকোনো কিছুই করতে পারেন। ড্যানিয়েল স্টারিজের চোখে জেরার্ড তাঁর সময়ের সেরাদের একজন। তবে কোচ ব্রেন্ডন রজার্সের কথাটা হয়তো আলাদাভাবেই মনে রাখবেন জেরার্ড, ‘এই যুগে কিংবদন্তি শব্দটা অতিব্যবহারে খেলো হয়ে গেছে। কিন্তু ওর ক্ষেত্রে সেটাও যথেষ্ট নয়।’ এএফপি।
লিভারপুলের জেরার্ড
অভিষেক: ২৯ নভেম্বর, ১৯৯৮
প্রথম গোল: ৫ ডিসেম্বর, ১৯৯৯
প্রিমিয়ার লিগ ৪৯৪ ম্যাচ ১১৬ গোল
সব প্রতিযোগিতা ৬৯৫ ম্যাচ ১৮০ গোল
অর্জন
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০০৫
উয়েফা কাপ ২০০১
উয়েফা সুপার কাপ ২০০১, ২০০৫
এফএ কাপ ২০০১, ২০০৬
লিগ কাপ ২০০১, ২০০৩, ২০১২
পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় ২০০১
পিএফএ বর্ষসেরা খেলোয়াড় ২০০৬