বিদায় এক ফুটবল-যোদ্ধার

পোস্টের নিচে বল আটকানোই ছিল তাঁর কাজ। সেটিও মোহামেডানের মতো দলে। উনসত্তরে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের সদস্য ছিলেন। খোন্দকার মোহাম্মদ নূরুন্নবী নামটাকে স্মরণীয় করে রাখতে এটাও কম ছিল না।
কিন্তু তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক অংশ। সেই ইতিহাস গতকাল শুধুই ছাপার অক্ষরের ইতিহাস হয়ে গেল। সম্মিলিত সামরিক হাসপাতালে ৭১ বছর বয়সে স্তব্ধ হয়ে গেল খোন্দকার নূরন্নবীর জীবনঘড়ি।
১৯৭১ সালে মুক্তযুদ্ধ শুরুর পর ভারতের মাটিতে যোগ দেন বাংলাদেশ ওয়ার ফোর্সে। সেখান থেকেই তাঁকে বিমানে নদীয়ার কৃষ্ণনগরে উড়িয়ে নেওয়া হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম ও নিজের একমাত্র ম্যাচটা খেলতে। এই নূরুন্নবীকে ভুলবেন না স্বাধীন বাংলা দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, ‘নূরুন্নবী গোলে থাকলে আমি নিশ্চিন্ত থাকতাম। মোহামেডানে অনেক দিন একসঙ্গে খেলেছি। খুব অমায়িক ছিল সে। মনে হয় প্রিয়জনকে হারালাম।’
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ও মোহামেডানের আরেক বড় নাম প্রতাপ শংকর হাজরার বাড়িঘর জ্বালিয়ে দিল পাকিস্তান হানাদার বাহিনী। সেই দুঃসময়ে প্রতাপের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের অনেককে ভারতে নিয়ে যান নূরুন্নবী। দুর্ভাগ্য প্রতাপের, কলকাতায় থাকায় প্রিয় বন্ধুকে শেষবারের মতো দেখতে পেলেন না।
১৯৬৪ সালে আজাদের হয়ে ঢাকার শীর্ষ ফুটবলে যাত্রা নূরুন্নবীর। ১৯৬৫ থেকে ১৯৭০—মোহামেডানে তিনটি লিগ জয়ের সঙ্গে ১৯৬৮ আগা খান গোল্ডকাপও জিতেছেন। ১৯৭০ তেহরানে আরসিডি টুর্নামেন্টে খেলেছেন পাকিস্তান জাতীয় দলে। সেই সফর নিয়ে নিজের বই ‘ঢাকা স্টেডিয়াম থেকে সেক্টর আটে’ একটি গল্প লিখেছিলেন। পাকিস্তান দলের হোটেলে উঠলেন সংগীতগুরু পণ্ডিত রবিশংকর। এক রাতে হোটেলে সাংস্কৃতিক সন্ধ্যায় রবিশংকরকে দেখে উচ্ছ্বসিত নূরুন্নবী। সঙ্গে ছিলেন পাকিস্তান দলে থাকা এপার বাংলার জাকারিয়া পিন্টু ও মেজর হাফিজও।
২০০২ সালে মেজর জেনারেল হিসেবে অবসরে যাওয়া নূরুন্নবী ওই বছরই জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। অবসরের দিনগুলোয় মোহামেডানে সময় কাটাতেন। সেই মোহামেডান শোকবার্তায় তাঁর আত্মার শান্তি কামনা করেছে। শোক জানিয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল এবং বাফুফে।
প্রবাসী মেয়ে দেশে ফিরলে রোববার তাঁর দাফন সম্পন্ন হবে। স্টেডিয়াম এলাকায় তাঁর মরদেহ আনা হবে না। না আনা হোক, তিনি তো স্টেডিয়ামের প্রতিটি ঘাসেই বেঁচে থাকবেন।