বিদায়, চেক প্রজাতন্ত্রের চেক!

পিওতর চেকের মতো ভাগ্যবান খুব কমই আছেন। কজন খেলোয়াড়ের ভাগ্যে নিজের নামের দেশকে বহন করার সৌভাগ্য জোটে? এই গোলকিপার অবশ্য শুধু নামেই নয় কাজেও দেশকে বহন করছেন এক যুগেরও বেশি সময় ধরে। সে অধ্যায় শেষ হলো আজ। জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩৪ বছর বয়সেই চেক প্রজাতন্ত্রকে বিদায় বলে দিলেন পিওতর চেক।
দেশের হয়ে রেকর্ড ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেভাবে খেলছিলেন সে রেকর্ড আরও অনেক দূর এগিয়ে নিতে পারতেন। কিন্তু ১৪ বছর ধরে জাতীয় দলের ভার বয়ে যাওয়া ক্লান্ত চেক সেটি আর করতে রাজি নন, ‘বাছাইপর্বের মাঝপথে গিয়ে ক্লান্তি অনুভব করব, আমি এমন অবস্থায় যেতে চাই না। আমি সবকিছু ১০০ ভাগ নিয়েই করতে চাই। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’
চেক প্রজাতন্ত্রের সঙ্গে এই গোলকিপারের গল্পটি অবশ্য দেড় যুগেরও বেশি সময়। সেই ১৫ বছর বয়স থেকে দেশের পতাকা বইছেন। অনূর্ধ্ব-১৫ দল দিয়ে শুরু, ৫ বছরে খেলেছেন ৬টি বয়সভিত্তিক দল। তাঁর বীরত্বেই বয়স ভিত্তিক প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্রের একমাত্র সাফল্য এসেছিল। দেশকে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিয়ে মাত্র ২০ বছর বয়সেই জাতীয় দলে চলে এলেন চেক।
সেই যে শুরু এরপর আর থামতে হয়নি তাঁকে। ২০০৪ সালেই ইউরোর সেমিফাইনালে উঠে গিয়েছিল চেক প্রজাতন্ত্র। কিন্তু ক্যারিয়ারের শুরুর এই প্রাপ্তিই আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর সেরা অর্জন হয়ে থাকল। এবারের ইউরোতেও গ্রুপপর্বে মাত্র ১ পয়েন্ট পেয়ে বিদায় নিয়েছে তাঁর দল। বিদায় বেলায় সে দুঃখই শোনা গেল তাঁর কণ্ঠে, ‘আমি দুঃখিত এ দলের যে প্রতিশ্রুতি, তাতে আরও ভালো করতে পারতাম।’
তবে সে হতাশা কাটিয়ে ওঠার দায়িত্বটা ভবিষ্যৎ প্রজন্মের কাছেই ছেড়ে দিচ্ছেন। কারণ, ওই যে ১৪ বছরেরও বেশি সময় জুড়ে দলকে টানার ক্লান্তি, ‘আমার মনে হচ্ছে, এমন এক সময় আসবে যখন বিশ্রামে অনেক সময় ব্যয় করতে হবে আমাকে।’
বিদায়, চেক প্রজাতন্ত্রের পিওতর চেক!
সূত্র: এএফপি।