‘বিদায়, ছোট ভাইয়েরা’, আর্জেন্টিনা দলকে ব্রাজিল তারকা

স্পেনের সঙ্গে ড্র করে বিদায় নেওয়ার হতাশায় মুষড়ে পড়েন আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনেল মোসেভিচছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক ফুটবল থেকে কাল বিদায় নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে উঠতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিততেই হতো আর্জেন্টিনাকে।

কিন্তু স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বিদায় নিতে হয় তাদের। আর্জেন্টাইন খেলোয়াড়দের এই ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দিয়েছেন ব্রাজিলের সেন্টার মিডফিল্ডার দগলাস লুইজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অ্যাস্টন ভিলার এ ফুটবলার।

আর্জেন্টিনা-স্পেন ম্যাচের একটি মুহূর্তের সেই ছবিতে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছেন ব্রাজিল দলের চার খেলোয়াড় দগলাজ লুইস, ম্যাথিয়াস কুনিয়া, রেইনার জেসুস ও রিচার্লিসন। ছবির ওপরে ক্যাপশনে লেখা, ‘বিদায়, ছোট ভাইয়েরা।’

আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দলকে খোঁচা মেরে এই পোস্ট করেন লুইস
ছবি: ইনস্টাগ্রাম

ব্রাজিল কাল সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের মুখোমুখি হবে তারা। সৌদি আরবের বিপক্ষে জোড়া গোল করেন রিচার্লিসন। কুনিয়াও গোলের দেখা পান। দানি আলভেজের নেতৃত্বে এবার অলিম্পিকে বেশ শক্তিশালী দল নিয়ে এসেছে ব্রাজিল।

আর্জেন্টিনা সে তুলনায় তেমন শক্তিশালী নয়। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠেছে স্পেন।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হয়েছে মিসর। একই গ্রুপ থেকে আর্জেন্টিনা বিদায় নিল ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। একটি করে জয়, ড্র ও হার তাদের।

সৌদি আরবের বিপক্ষে জোড়া গোল করেন রিচার্লিসন
ছবি: রয়টার্স

কিছুদিন আগে ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসনকে খোঁচা মারেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। টোকিও অলিম্পিকে জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন রিচার্লিসন। সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা মেরে রিচার্লিসনের কাছে পারেদেস জানতে চান, ‘ফাইনালটা মনে আছে?’

পারেদেস কোপা আমেরিকায় সর্বশেষ ফাইনালের কথা স্মরণ করিয়ে দেন রিচার্লিসনকে। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সে ফাইনালে ২৮ বছর পর আন্তর্জাতিক ময়দানে বড় শিরোপার দেখা পায় আর্জেন্টিনা।