বিদায় নয়, পেলেগ্রিনির ভাবনায় শিরোপা

মৌসুমের শেষটা যতই ঘনিয়ে আসছে, ইতিহাদে তাঁর বিদায়রাগিণীও ততই উচ্চগ্রামে উঠছে। তবে তাতে কান দিয়ে মনোযোগটা অন্যদিকে সরিয়ে ফেলতে চান না ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। লিগ কাপের শিরোপা এনে দিয়েছেন, বিদায়ের আগে যদি আরও দু-একটি শিরোপা এনে দিতে পারেন মন্দ কী! চিলিয়ান কোচেরও আপাতত এটাই চাওয়া।
ওয়েম্বলি স্টেডিয়ামে পরশু রাতে টাইব্রেকারে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে পেলেগ্রিনির দল। লিগ কাপে এ নিয়ে পাঁচবার ফাইনাল খেলে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো সিটি। আর ফাইনালে এটি লিভারপুলের চতুর্থ হার।
নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচে সমতা ছিল ১-১ গোলে। তবে পেনাল্টি শ্যুট আউটে লিভারপুলের তিনটি শট ঠেকিয়ে দিয়ে নায়ক হয়ে যান সিটির গোলরক্ষক উইলি কাবায়েরো। নিয়মিত গোলরক্ষক জো হার্টের বদলে ৩৪ বছর বয়সী এ আর্জেন্টাইন গোলরক্ষককে নিয়ে বাজি ধরেছিলেন সিটি কোচ। সেটি লেগে যাওয়ায় ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত পেলেগ্রিনি, ‘আমি জানি, সবাই অপেক্ষায় ছিল, কখন কাবায়েরো ভুল করবে আর কখন তারা আমার সমালোচনার সুযোগ পাবে। তবে আমি নিজের বিশ্বাসের মূল্য দিতে হারতেও রাজি ছিলাম।’
মৌসুম শেষেই সিটির সঙ্গে তাঁর সম্পর্ক চুকে যাচ্ছে। আগামী মৌসুমে নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন পেপ গার্দিওলা। তবে বিদায়-টিদায় নিয়ে এখনই না ভেবে, বাকি মৌসুমটাও সাফল্যে রাঙিয়ে দিয়ে যাওয়ার ইচ্ছা পেলেগ্রিনির, ‘আমি আমার বিদায় নিয়ে ভাবছি না। মাত্র তো একটা ফাইনাল গেল। এখনো প্রিমিয়ার লিগ বাকি, চ্যাম্পিয়নস লিগও আছে। তবে আপাতত ইউক্রেনে পাওয়া জয় (চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে) আর এই শিরোপা জেতার আনন্দ উপভোগ করতে চাই।’
উদ্যাপনের খুব কাছাকাছি গিয়েছিল লিভারপুলও। তবে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হওয়ায় এখন হতাশাই সঙ্গী লিভারপুলের। সেটি লুকানোর চেষ্টা করলেন না কোচ ইয়ুর্গেন ক্লপও, ‘এ মুহূর্তে আমার ভালো লাগছে না, এটা স্বীকার করতে দোষ নেই। আমিও তো মানুষ।’
তবে এই হতাশা ভুলে আবার নতুন উদ্যম নিয়ে বাকি মৌসুমের জন্য ঝাঁপিয়ে পড়ার প্রত্যয়ও তাঁর কণ্ঠে, ‘এমন না যে, এটা আমার প্রথম হার। আমি আগেও হেরেছি, আবার জিতেছিও। এর জন্য আমি বাড়ি গিয়ে দরজা বন্ধ করে চার সপ্তাহ বসে থাকব না। শুধু গাধারাই এ রকম লুটিয়ে পড়ে থাকে এবং পরের হারের জন্য অপেক্ষা করে। আমরা ঘুরে দাঁড়াব।’ গোলডটকম।