বিদায় বললেন অঁরি

২০১০ সালে নিউইয়র্ক রেড বুলসে যোগ দেওয়ার পর থেকে একরকম পাদপ্রদীপের আড়ালেই চলে গিয়েছিলেন। এই মাসের শুরুতে ঘোষণা দিলেন, নিউইয়র্কের এই ক্লাব ছাড়ছেন। তখনই গুঞ্জন উঠেছিল, এবার কি বুটজোড়া তুলে রাখবেন থিয়েরি অঁরি? কাল সেটাই হয়েছে, আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফ্রেঞ্চ স্ট্রাইকার।
মোনাকো দিয়ে শুরু, রেড বুলস দিয়ে শেষ। ২০ বছরের পেশাদার ক্যারিয়ারে জুভেন্টাস, আর্সেনাল, বার্সেলোনার মতো ক্লাবেও খেলেছেন। তবে ইতিহাস তাঁকে মনে রাখবে ‘আর্সেনালের অঁরি’ হিসেবেই। লন্ডনের এই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অঁরি, আর্সেন ওয়েঙ্গারই তো উইঙ্গার থেকে তাঁকে স্ট্রাইকার বানিয়েছেন। সিদ্ধান্তটা কেমন দুর্দান্ত ছিল, আট বছরে ২২৮ গোলই তা বলে দিচ্ছে। আর্সেনালকে জিতিয়েছেন দুটি প্রিমিয়ার লিগ, ২০০৩-০৪ মৌসুমের অপরাজিত সেই অভিযান তো এখনো প্রিমিয়ার লিগে রূপকথাসম।
চ্যাম্পিয়নস লিগটা কিন্তু অধরাই হয়ে ছিল আর্সেনালে। সেই অতৃপ্তি মিটিয়েছেন বার্সেলোনায় এসে, এক মৌসুমে ঐতিহাসিক ছয়টি শিরোপা জয়ের আলোয় ভেসে। সেই সঙ্গে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়—এমন ‘সব পেয়েছির’ তৃপ্তি নিয়ে খুব কম ফুটবলারই ক্যারিয়ার শেষ করতে পেরেছেন। ১৯৯৮ বিশ্বকাপে অবশ্য বেঞ্চেই বেশি সময় কাটাতে হয়েছে, তবে দুই বছর পর ইউরোতে তিন গোল করে শিরোপাজয়ে বড় অবদানই রেখেছিলেন। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি, ১২৩ ম্যাচে করেছেন ৫১ গোল।
গুঞ্জন ছিল, খেলা ছাড়ার পর পর কি আর্সেনালের কোচিং স্টাফে ফিরবেন? আপাতত সেদিকে যাচ্ছেন না, অঁরি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন নিজের পরবর্তী লক্ষ্যের কথা, ‘এখন আমার ক্যারিয়ারের গতিপথ বদলে যাচ্ছে, আমি লন্ডনে ফিরে স্কাই স্পোর্টসে যোগ দেব (বিশ্লেষক হিসেবে)।’ পেছনের দিকে তাকিয়ে ছুঁয়ে গেল স্মৃতিকাতরতাও, ‘অসাধারণ কিছু স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি (বেশির ভাগই ভালো)। আশা করি আমার মতো আপনারাও সবাই সময়টা উপভোগ করেছেন।’
বিদায়বেলায় পুরোনো সতীর্থদের অনেকেই টুইটারে প্রশংসায় ভাসিয়েছেন। তবে ফ্রান্সের পেশাদার লিগের সভাপতি ফ্রেডেরিক থিয়েরিজের প্রশংসাটা হয়তো আলাদা করে মনে রাখবেন অঁরি, ‘ফ্রান্সে তিনি কখনো তাঁর প্রাপ্য সম্মান পাননি। কিন্তু জাতীয় দলের হয়ে যা করেছেন, তাতে তিনি কিংবদন্তিই থাকবেন।’ এএফপি।