বিদায় বললেন ক্লোসা

দুই হাত ছড়িয়ে যেন মেলে দিলেন ডানা। এরপর একটু থামলেন। জিমন্যাস্টদের মতো শূন্যে কয়েকটা পাক খেলেন। বিশ্বকাপের সবচেয়ে পরিচিত এই উদ্যাপন আর দেখা যাবে না। মিরোস্লাভ ক্লোসা যে আর জার্মানির জার্সি গায়ে চড়াবেন না! কাল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ‘ক্লাবের হয়ে উজ্জ্বল, জাতীয় দলের হয়ে বিবর্ণ’—অনেক বড় খেলোয়াড়কে অপবাদটা সইতে হয়েছে। ক্লোসা এদিক দিয়ে ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম। জার্মানির জার্সি গায়ে চড়ালেই যেন বদলে যেতেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। জার্ড মুলারকে ছাড়িয়ে জার্মানির ইতিহাসে সর্বোচ্চ ৭১ গোল করেছেন, তবে ক্লোসার জন্মই যেন হয়েছিল বিশ্বকাপের মতো মঞ্চের জন্য।
সেই ২০০২ বিশ্বকাপ দিয়ে শুরু। সেবার ৫ গোল করে পেয়েছিলেন সিলভার বুট। পরের দুটি বিশ্বকাপে করেছেন আরও ৯ গোল। ২০১৪ বিশ্বকাপে ভেঙে দিলেন রোনালদোর সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। তার পরও বিশ্বকাপ না জিততে পারলে একটা অতৃপ্তি থেকেই যেত। স্বপ্নের ট্রফিটাও আর অধরা থাকেনি। জার্মান ফুটবল ফেডারেশনের প্রকাশিত বার্তায় ক্লোসার কণ্ঠে অনুরণিত হলো ‘সব পেয়েছির’ তৃপ্তি, ‘ব্রাজিলে শিরোপা জেতা ছিল শৈশবের স্বপ্নপূরণের মতো। আমি খুশি। জার্মানির এই সাফল্যের অংশীদার হতে পেরে গর্বিতও। দেশের অধ্যায়টা শেষ করার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর কিছু হতে পারত না।’
বিশ্বকাপ ট্রফিতে চুমু খেতে পারাটা সবচেয়ে বড় অর্জন অবশ্যই, তবে ক্লোসার ব্যক্তিগত অর্জনও কম নয়। তবে দাবি করেছেন, সেসব কখনোই লক্ষ্য ছিল না তাঁর, ‘ব্যক্তিগত অনেক লক্ষ্যই অর্জন করতে পেরেছি। যারা আমাকে চেনে, তারা জানে আমি খুবই উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু আমি একজন স্ট্রাইকার, আর একজন স্ট্রাইকারের কাজ গোল করা। রেকর্ড নিয়ে তাই কখনোই ভাবিত ছিলাম না, দলের জন্য নিজের সেরাটাই দিতে চেয়েছি সব সময়।’
বয়স, ফর্ম সব মিলিয়ে ক্লোসার বিদায় বলাটা খুব একটা চমক হয়ে আসেনি। তার পরও জার্মানির কোচ জোয়াকিম লো তার পরও পেতে চেয়েছিলেন তাঁকে, ‘গত সপ্তাহে মিরোর (ক্লোসা) সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাকে ও বলল, সে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম এটা বদলানোর সম্ভাবনা নেই। আমি ওকে ফিরিয়ে আনতে পারব না।’ লো খুলে দিয়েছেন প্রশংসার ঝাঁপিও, ‘ও ছিল সব সময় ভরসা করার মতো একজন। মানুষ ও খেলোয়াড় হিসেবে ওকে আমরা সবাই খুব মিস করব।’
জার্মানির হয়ে এত অর্জন, অথচ পোল্যান্ডের পক্ষেও খেলে ফেলতে পারতেন ক্লোসা। মা পোলিশ, বাবা জার্মান। দুই দেশের যেকোনোটির পক্ষেই তাই খেলা সম্ভব ছিল। জার্মানিকেই বেছে নেওয়ার পর ২০০১ সালে আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর তো ২০০২ বিশ্বকাপ, তাতে পাঁচ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এরপর শুধুই সামনে এগিয়ে চলা। দীর্ঘ ১৩ বছর পর অবশেষে কাল থেমে গেল সেই অভিযান। রয়টার্স।
জার্মানির ক্লোসা
ম্যাচ ১৩৭ গোল ৭১
দলীয় অর্জন
বিশ্বকাপ চ্যাম্পিয়ন (২০১৪) রানার্সআপ ২০০২
ব্যক্তিগত অর্জন
বিশ্বকাপের গোল্ডেন বুট (২০০৬), সিলভার বুট (২০০২),
জার্মান বর্ষসেরা ফুটবলার (২০০৬), ফিফা বিশ্বকাপ অল স্টার দল (২০০২, ২০০৬)
ক্লোসা গোল করেছেন, এমন ম্যাচে কখনোই হারেনি জার্মানি
লোথার ম্যাথাউসের পর জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন
একমাত্র খেলোয়াড় হিসেবে খেলেছেন চারটি বিশ্বকাপ সেমিফাইনাল
পেলে ও উয়ি সিলারের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে গোল করেছেন চারটি বিশ্বকাপে