বিদায় বললেন জাভিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভি হার্নান্দেজ
জাভি হার্নান্দেজ

বিদায়ের বিউগল যেন বেজেই চলেছে আন্তর্জাতিক ফুটবলে। ফিলিপ লাম, স্টিভেন জেরার্ডের পর এবার বিদায় বলে দিলেন জাভি হার্নান্দেজও। আর কখনো লাল জার্সিতে দেখা যাবে না এই মিডফিল্ডারকে।

বয়স ৩৪ পেরিয়ে গেছে, ক্যারিয়ারের গোধূলিবেলা দেখতে শুরু করেছিলেন বেশ কিছুদিন থেকেই। বার্সেলোনার হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি, বিশ্বকাপে তো একরকম খুঁজেই পাওয়া যায়নি জাভিকে। জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা তাই খুব বড় বিস্ময় হয়ে আসেনি। কাল এক সংবাদ সম্মেলনে নিজেই সেটি নিশ্চিত করলেন, ‘আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি আমার সময় শেষ হয়ে এসেছে। জাতীয় দলের জন্য নিজেকে আর প্রয়োজনীয় বলে মনে করতে পারছি না। অসাধারণ একটা সময় কাটিয়েছি এখানে। এটা ছিল আমার জন্য সম্মান। গত ছয় থেকে আট বছরে আমরা অনেক সাফল্য পেয়েছি। এখন অন্য অনেকের মতো আমিও স্পেন দলের শুধুই একজন ভক্ত।’

২০০০ সালে লা রোজাদের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। দলের মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে ছিলেন এর পর থেকে, খেলেছেন ১৩৩টি ম্যাচ। স্পেনের হয়ে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু ইকার ক্যাসিয়াসই। ইতিহাসের একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জেতা স্পেন দলের সদস্য ছিলেন। তবে জাভি জানাচ্ছেন, গত ইউরোর পরেই জাতীয় দলকে বিদায় বলে দিতে চেয়েছিলেন। কিন্তু ভিসেন্তে দেল বস্কই তাঁকে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে রাজি করান, ‘তিনি (দেল বস্ক) চাইছিলেন আমি ব্রাজিল বিশ্বকাপে খেলি। কিন্তু বিশ্বকাপে দলের জন্য তো বটেই, আমার পারফরম্যান্স ব্যক্তিগতভাবেও ছিল ভীষণ হতাশাজনক।’ হল্যান্ডের কাছে ৫-১ গোলে হারের ম্যাচে জাভি ছিলেন নিষ্প্রভ। চিলির সঙ্গে ম্যাচে তাই বসে থাকতে হয়েছিল বেঞ্চে। জাভির খেদ, ‘চিলির সঙ্গে খেলতে না পারাটা ছিল আরও বেশি হতাশাজনক।’

গত মৌসুমের ব্যর্থতা তাকে কীভাবে পোড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়বেলায় সেটাও রাখঢাক ছাড়াই বলেছেন জাভি, ‘মৌসুমটা হতাশা নিয়েই শেষ হয়েছে, সম্ভবত আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে ছিল এটা। লিগের শেষ ম্যাচে আমি বেঞ্চে বসে ছিলাম। এর আগে বেশ কিছু দিন আমার এ অভিজ্ঞতা হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ক্লাবকে বিদায় বলে দেব।’ পরে অবশ্য বার্সার নতুন কোচ লুইস এনরিকে ও ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা জাভিকে বোঝাতে পেরেছেন, দলে তাঁকে দরকার। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও বার্সেলোনার হয়ে তাই আরও কিছুদিন খেলে যাবেন জাভি। এএফপি, রয়টার্স।

স্পেনের জাভি

ম্যাচ : ১৩৩   গোল : ১৩

দলীয় অর্জন

বিশ্বকাপ (২০১০),

ইউরো (২০০৮, ২০১২)

ব্যক্তিগত অর্জন

ফিফা–ব্যালন ডি’অর তৃতীয় স্থান (২০১০, ২০১১)

বর্ষসেরা খেলোয়াড় (২০০৮ ইউরো)

ফিফা অল স্টার একাদশ

(২০১০ বিশ্বকাপ)

ইউরো টুর্নামেন্ট সেরা একাদশ (২০০৮, ২০১০)