বিদায় বললেন বুফন, ডি রসি ও বারজাল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল চোখে ইতালির জার্সি গায়ে শেষবারের মতো মাঠ ছাড়ছেন ‘জিজি’। ছবি রয়টার্স।
সজল চোখে ইতালির জার্সি গায়ে শেষবারের মতো মাঠ ছাড়ছেন ‘জিজি’। ছবি রয়টার্স।

৬০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়েছে ইতালি। গত রাতে সুইডেনের বিপক্ষে প্লে অফ ম্যাচের দ্বিতীয় লেগ গোলশূন্য ড্র করে বিশ্বকাপে থেকে ছিটকে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালিয়ান ফুটবলের এমন অন্ধকার যুগের শুরুতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

রাই স্পোর্টকে নিজের অনুভূতি জানাতে গিয়ে অনেক কষ্টে চোখের পানি আটকালেন বুফন, ‘এটা হতাশাজনক। দেশের ফুটবলের জন্যই এটা হতাশাজনক। আমরা এমন একটা বিষয় অর্জনে ব্যর্থ হলাম, যা দেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারত। এটিই আফসোস। অবসর নিয়ে নিলাম, এটা কোনো ব্যাপারই না।’

বয়সভিত্তিক পর্যায়ে থেকেই ইতালির প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলের হয়ে ১৭৫টি ম্যাচ খেলেছেন, অধিনায়কত্ব করছেন ২০১১ সাল থেকে। ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছেন, ২০১২ ইউরোতে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন। কাল ইতালি জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার সুযোগ হতো বিশ্বসেরা এই গোলরক্ষকের।

মাঠের আক্রমণ সাজাচ্ছেন দুই বর্ষীয়ান বুফন ও ডি রসি। যদিও কোনো কিছুই তাঁদের পক্ষে যায়নি। ছবি রয়টার্স।
মাঠের আক্রমণ সাজাচ্ছেন দুই বর্ষীয়ান বুফন ও ডি রসি। যদিও কোনো কিছুই তাঁদের পক্ষে যায়নি। ছবি রয়টার্স।

নিজের অবসরের সঙ্গে ইতালির বিশ্বকাপে ‘যেতে না পারা’র ব্যর্থতা জড়িয়ে থাকাই সবচেয়ে বেশি পোড়াচ্ছে বুফনকে, ‘আমার অবসর নেওয়ার সঙ্গে ইতালির বিশ্বকাপে যেতে না পারা জড়িয়ে থাকল, এটা কষ্টের। ইতালির ফুটবলের অবশ্যই ভবিষ্যৎ রয়েছে, কারণ আমরা খারাপ সময়ের পর উঠে দাঁড়াতে জানি। আমি এমন একটি ইতালি দল রেখে যাচ্ছি, যারা নিজেদের কথা বলতে জানবে।’

অধিনায়কের অবসরের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আরও দুই ইতালিয়ান ফুটবলার—আন্দ্রেয়া বারজাল্লি ও ড্যানিয়েল ডি রসি। বুফনের ক্লাব সতীর্থ বারজাল্লি ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২টি বিশ্বকাপ, ৩টি ইউরো ও একটি কনফেডারেশন কাপে খেলেছেন। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারও প্রচণ্ড হতাশ, ‘এটি আমার জীবনের সবচেয়ে হতাশার মুহূর্ত। কী ঘটেছে আমি জানি না। শুধু জানি, আমরা  ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেছি। এটা হতাশার আর এই ছেলেগুলোকে ছেড়ে যাওয়াটা কষ্টের।’

সুইডেনের বিপক্ষে ম্যাচে বারজাল্লি। ছবি রয়টার্স।
সুইডেনের বিপক্ষে ম্যাচে বারজাল্লি। ছবি রয়টার্স।

৩৪ বছর বয়সী রোমা মিডফিল্ডার ডি রসির অভিষেক হয়েছিল ২০০৪ সালে। জাতীয় দলের হয়ে ১১৭ ম্যাচে ২১টি গোল করেছেন তিনি। খেলেছেন ৩টি করে ইউরো ও বিশ্বকাপ এবং একটি কনফেডারেশন কাপ। যাওয়ার সময় তিনি অবশ্য আশার গানই শুনিয়েছেন, ‘আমরা আবার শুরু করব। আগের হতাশার মুহূর্তগুলো শেষে যেমন ফিরেছি, এবার তেমনটাই করার চেষ্টা থাকবে...এই জার্সি পরে সারা দুনিয়া ঘুরে বেড়িয়েছি। শেষবারের মতো এটা খুলে রাখতে কেমন অদ্ভুত লাগছে।’

তিন সিনিয়র ফুটবলারের অবসরে ইতালির একটি যুগের অবসান হলো। নতুন করে শুরু করার সময় এসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে। ২০২০ সালের ইউরোর প্রস্তুতি আগেই শুরু করতে হবে সাবেক চ্যাম্পিয়নদের। সূত্র: এএফপি, ইএসপিএন এফসি, গোল।