বিদায় বললেন ল্যাম্পার্ডও

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার হিড়িক লেগেছে বুঝি! ইংল্যান্ড ফুটবল অধিনায়ক স্টিভেন জেরার্ড আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই। এবার সে পথে হাঁটলেন জাতীয় দলের সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন এ মিডফিল্ডার।
১০৬ ম্যাচ খেলা ল্যাম্পার্ডের আন্তর্জাতিক অভিষেক ১০ অক্টোবর ১৯৯৯ সালে, বেলজিয়ামের বিপক্ষে। ৩৬ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ২০০১ থেকে ২০১৪—মোট ১৩ বছর খেলেছেন চেলসিতে। ‘ব্লু’দের মায়া কাটিয়ে ব্রাজিল বিশ্বকাপের পর দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছেন নিউইয়র্ক সিটি এফসিতে। অবশ্য ছয় মাসের জন্য এখন ধারে খেলছেন ম্যানচেস্টার সিটিতে। ইংল্যান্ডের জার্সি গায়ে গোল করেছেন ২৯টি।
এক বিবৃতিতে ল্যাম্পার্ড বললেন, ‘আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। এ কারণে বিশ্বকাপ থেকেই বিষয়টা নিয়ে খুব ভেবেছি। দেশকে প্রতিনিধিত্ব করে সব সময় গর্ববোধ ও সম্মান পেয়েছি। পেছনের দিকে তাকালে বলতে হবে, ইংল্যান্ডের জার্সিতে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’ এএফপি, রয়টার্স।