বিদায় বার্সার জাভি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সংবাদ সম্মেলনে জাভি l এএফপি
কাল সংবাদ সম্মেলনে জাভি l এএফপি

ব্যাপারটা যে ঘটতে চলেছে, জানা ছিল আগেই। কাল সংবাদ সম্মেলনে এল আনুষ্ঠানিক ঘোষণা। বার্সেলোনার সঙ্গে ২৪ বছরের সম্পর্ক ঘুচে যাচ্ছে জাভির, এই মৌসুম শেষেই ৩৫ বছর বয়সী মিডফিল্ডারের নতুন ঠিকানা হচ্ছে কাতারের ক্লাব আল সাদ।
যে ক্লাব মিশে আছে অস্তিত্বের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলা কি সহজ? সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়া জাভি অস্ফুটে বললেন, ‘অন্য কোনো জার্সি গায়ে চড়ানো আমার জন্য খুবই কঠিন। কখনোই ভাবিনি মুহূর্তটা আসবে। সেটা চাইওনি। সতীর্থ ও বন্ধুদের কথা সব সময় মনে পড়বে আমার।’
অথচ বিদায় নিতে পারতেন গত মৌসুমেই। যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক সিটির সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল অনেকদূর। জাভি জানতেন, বার্সেলোনায় আগের মতো আর অপরিহার্য নন, আরও এক বছর থাকলে প্রথম একাদশে সুযোগ মিলবে কদাচিৎ। তাহলে কেন থেকে গিয়েছিলেন? উত্তরটা তাঁর মুখেই শুনুন, ‘গতবার বিদায় নিলে ব্যাপারটা একটু তড়িঘড়ি হয়ে যেত। বার্সার হয়ে গতবার সাফল্য পাইনি, বিশ্বকাপটাও ছিল হতাশার। আমি জানতাম খুব একটা সুযোগ পাব না, তারপরও থেকে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে আমি ভালোই করেছি। যেভাবে সবকিছু হয়েছে তাতে আমি খুবই খুশি। আমাদের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। আমি শেষ দুটি ট্রফি জিতেই বিদায় নিতে চাই।’ জাভি নিঃসংশয়, তাঁর অভাব টের পাবে না ক্লাব, ‘বার্সা আমাকে ছাড়াই দারুণ খেলবে। এ ব্যাপারে আমি নিশ্চিত। ইতিহাসই এর সাক্ষী।’
নতুন ক্লাব আল সাদে ভূমিকাটা একটু অন্য রকম হচ্ছে। জাভি নিজেই জানাচ্ছেন, ‘কাতার নিয়ে আমি এখনই রোমাঞ্চিত। আল সাদের সঙ্গে আমার দুই বছরের চুক্তি, সেটা আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে। অ্যাসপায়ার একাডেমিতে (কাতারের ক্রীড়াপ্রতিষ্ঠান) আমি কোচ ও ক্রীড়া পরিচালক হিসেবে কাজ করার দীক্ষা নেব। আমার উদ্দেশ্য এই দুই ভূমিকার কোনো একটিতেই আবার এখানে ফেরা।’
তার মানে একসময় হয়তো ন্যু ক্যাম্পের ডাগ-আউটেই স্যুট-টাই পরে দেখা যাবে তাঁকে! এএফপি, ইএসপিএন।