বিদায়ঘণ্টা বাজল ক্রুইফের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি ক্রুইফ
ডি ক্রুইফ

দায়িত্ব নেওয়ার পর থেকেই বেতন নিয়ে প্রায় নিয়মিতই অভিযোগ করে আসছিলেন দুই ডাচ কোচ। অভিযোগ হলো, বাফুফে তাঁদের ঠিকমতো বেতন দিচ্ছে না। এ নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায়ও একাধিকবার সমঝোতা সভা হয়েছে দুই পক্ষের। কিন্তু শেষ বিচারে দেখা যাচ্ছে বিষয়টার কোনো সমাধান হয়নি।
সব শেষ দিন তিনেক আগে হল্যান্ড থেকে লোডভিক ডি ক্রুইফ বাফুফেকে জানিয়ে দেন, আগে চার মাসের বেতন দিতে হবে, তারপরই ঢাকায় ফিরে শ্রীলঙ্কা সিরিজে দলের দায়িত্ব নেবেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাফুফেকে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কাঠগড়ায় তোলেন তিনি, এমনকি মিথ্যাবাদী বলতেও ছাড়েননি। এ নিয়ে দেনদরবারের পর ডি ক্রুইফ রাজি হয়েছেন ঢাকা ফিরতে। আগামীকাল রাতে তাঁর আসার কথা। তবে তাঁর সহকারী রেনে কোস্টার আর আসবেন না বলে জানিয়ে দিয়েছেন বাফুফেকে।
এই পরিস্থিতিতে বাফুফে কঠিন অবস্থানেই যাচ্ছে বলে আভাস মিলেছে। বিদেশ থেকে পরশু দেশে ফিরে গতকাল বাফুফে ভবনে এসে গোটা বিষয়টা নিয়ে দু-তিনজন সহকর্মীর সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। জানা গেল, ক্রুইফ ফিরলে তাঁকে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৪ ও ২৭ অক্টোবর দলের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা খুবই কম। বাফুফের ভাষায় আগে কোচের সঙ্গে ‘বোঝাপড়া’, তারপর অন্য কথা। মানে তাঁদের বিদায় দেওয়ার পথেই হাঁটছে বাফুফে।
বিদায় দিতে গেলে আসবে বকেয়া পরিশোধের ব্যাপাটি। সেটা বাফুফে এখনই দিতে পারবে কি না, তা একটা প্রশ্ন বটে। তবে সালাউদ্দিন জানিয়েছেন, দুই-তিন দিনের মধ্যে জাতীয় দল কমিটি সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত যে কোচদের রাখার পক্ষে হবে না, তা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে।