বিদায়ঘণ্টা শুনছেন ফন গাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফন গাল
লুই ফন গাল

দায়িত্ব নিয়েছেন প্রায় ১৮ মাস হতে চলল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে লুই ফন গালের জন্য গত এক সপ্তাহের চেয়ে কঠিন সময় আর আসেনি। দিন চারেক আগে ভলফ্সবুর্গের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে ইউনাইটেড। সেই ধাক্কা সামলে উঠতে না-উঠতেই আবার হার! এবার নবাগত বোর্নমাউথের মাঠে ২-১ গোলে।
নিজের কৌশলের জন্য এমনিতেই কিছুদিন ধরে সমালোচিত ফন গাল। ইউনাইটেডের খেলার ধরনকে বলা হচ্ছে ‘ঘুমপাড়ানি’। পরশুও এর ব্যতিক্রম হলো না। ম্যাচজুড়ে সমর্থকেরা হা-হুতাশ করে গেলেন, কখন একটু ভিন্ন কিছু দেখা যাবে! কখন একটু সৃষ্টিশীলতায় ঝলমল ইউনাইটেডকে দেখা যাবে? ম্যাচজুড়ে ‘রেড ডেভিল’দের পাসিং, দৌড়ানো, আক্রমণের ধরন ছিল এমনই অনুমেয়।
খেলার দ্বিতীয় মিনিটেই বোর্নমাউথের জুনিয়র স্ট্যানিসলাস কর্নার থেকে সরাসরি বল জড়িয়ে দিলেন জালে। ইউনাইটেডের মতো মহিরুহদের তো পরে আহত বাঘের মতোই ছিঁড়েখুঁড়ে ফেলা উচিত ছিল বোর্নমাউথকে। কোথায় কী! খাঁচাবন্দী বাঘের মতো পেনাল্টি বক্সের আশপাশে ঘোরাঘুরিই সার। ২৪ মিনিটে অবশ্য পেনাল্টি বক্সে হ্যাঁচোড়প্যাঁচোড়ে বল পেয়ে মারুয়েন ফেলাইনি সমতায় আনেন ইউনাইটেডকে। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতে না-হতে ইউনাইটেডেরই যুব প্রকল্পের সাবেক খেলোয়াড় জশুয়া কিং গোল করে ইউনাইটেডকে ডোবান পরাজয়ের লজ্জায়।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন ফন গালের ইউনাইটেড। এর আগে বরখাস্ত হওয়া কোচ ডেভিড ময়েসের সময়ও টানা তিন ম্যাচের বেশি কখনো জয়হীন ছিল না দলটি। ফন গাল সেটি জানেন। তবে খেলোয়াড়দের চেষ্টার কোনো কমতি দেখছেন না ইউনাইটেড কোচ, ‘আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। বেশ কিছু সুযোগও পেয়েছি। ভাগ্যের সহায়তাও লাগে।’
চোট ছিটকে দিয়েছে নিয়মিত কয়েকটি মুখকে। রক্ষণে ছিলেন আনকোরা দুই খেলোয়াড়। তবে এটি ফন গালের কাছে অজুহাত নয়, ‘পরাজয়টা চোটের কারণে এসেছে এমনটা মনে করি না। আমরা বেশ দৃঢ়তা দেখিয়েছি।’ তবে ইউনাইটেডের মতো ক্লাবে শুধুই ‘দৃঢ়তা দেখানো’ গ্রহণযোগ্য হবে কেন? একে পারফরম্যান্সের দৈন্য, তার ওপর খেলার ধরনও ইউনাইটেডসুলভ নয়—ইউনাইটেড সমর্থকদের ‘পেপ গার্দিওলাকে চাই’ আহ্বানটা ম্যাচ শেষে আরও জোরালো।
ইউনাইটেডের পরাজয়ের দিনে শেষ মুহূর্তের নাটকীয় গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও লিগ শীর্ষে থাকা নিশ্চিত ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বীদের। এএফপি, রয়টার্স।