বিদায়বেলায় 'গর্বিত' ইব্রাহিমোভিচ

‘চমৎকার’ কিছু স্মৃতি নিয়েই সুইডেনের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন ইউরোয় দুর্দান্ত কিছু করে কিন্তু শেষটা হলো তাঁর দেশের প্রথম রাউন্ড থেকে বিদায়েই।
২০০১ সাল থেকে এ পর্যন্ত ১১৬টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৬২টি। এবারের ইউরোয় তিনটি ম্যাচে মরিয়া হয়ে খুঁজেছেন প্রতিপক্ষের গোলমুখ, কিন্তু পারেননি। ক্লাব ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ইব্রাহিমোভিচের আন্তর্জাতিক ক্যারিয়ারটা চির আক্ষেপেরই। কিন্তু তারপরেও নাকি তাঁর কোনো আক্ষেপ নেই। সুইডেনের জার্সি গায়ে চাপিয়ে দারুণ গর্বের অনুভূতি তাঁর।
বিদায়বেলায় দারুণ সব স্মৃতির কথাই উঠে এসেছে সুইডিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোল দাতার, ‘আমি সুইডেনের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললাম। প্রথম রাউন্ড থেকে দলের বিদায় বড় হতাশারই একটা ব্যাপার। কিন্তু তারপরেও আমি উপভোগ করেছি সুইডেনের হয়ে খেলাটা। সুইডেনের হয়ে খেলাটা আমি ভীষণ উপভোগ করেছি। অনেক চমৎকার স্মৃতি রয়েছে আমার সুইডেনের হয়ে। আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছি, যাকে লোকে বলত “ঘেট্টো”। কিন্তু আমি এই জায়গাকে নিজের দেশ বানিয়েছি।’
বসনীয় বাবা ও ক্রোট মায়ের ঘরে জন্ম নেওয়া ইব্রাহিমোভিচের ছেলেবেলাটা ছিল যথেষ্ট কষ্টের। রোজেনগার্ডের মালমোর মতো জায়গা থেকে উঠে এসে সুইডেনের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা হয়েছেন তিনি। সুইডেনের কোচ এরিক হামরেন বলেছেন, ‘সুইডেনের মতো ছোট দেশ থেকে ইব্রার মতো বড় ফুটবলার আবার তৈরি করা আদৌ সম্ভব কি না, আমি জানি না।’ সূত্র : এএফপি।