বিদায়ী ম্যাচের অপেক্ষায় আমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। ফুটবল মাঠে তিনি তাই অনেকটাই আড়ালে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা নেই আমিনুল হকের। জাতীয় দলের সাবেক অধিনায়ক বরং ঘরোয়া ফুটবলকেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
আর মাত্র একটি ম্যাচেই পোস্টের নিচে দেখা যাবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষককে। হতে পারে সেটি শুধু কয়েক মিনিটের জন্য। কাগজ-কলমে অবসর নেওয়ার কথা কাল খোলাখুলিই জানালেন আমিনুল, ‘মাঠ থেকেই বিদায় নিতে চাই। তাই আসন্ন মৌসুমে একটি ম্যাচে হয়তো মাঠে নামব।’
কোন দলের জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। হতে পারে মোহামেডানের জার্সি গায়ে নামবেন শেষ ম্যাচে। এই মোহামেডান দিয়েই শুরু ১৯৯৪-৯৫ মৌসুমে। ‘শুরু ও শেষের সঙ্গে মিল রাখতে মোহামেডান তাঁবু থেকেই ইতি টানতে চাই’—বলছিলেন আমিনুল।
গত বছর ছিলেন মুক্তিযোদ্ধায়। কিন্তু মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপে সেমিফাইনালে পেলেন চোট। তারই জেরে মৌসুমের বাকি সময়টা মাঠের বাইরে কাটল। মাঝখানে ভারতে গিয়েছিলেন চোটের চিকিৎসা করাতে। মুক্তিযোদ্ধার অনুশীলনে ফিরেছিলেন এরপর। তবে মাঠে আর নামা হয়নি।
আমিনুলের ফুটবল-জীবন তাই একরকম নীরবেই শেষ হয়ে যাচ্ছে। এখন তিনি রাজনীতির মঞ্চে নবীন মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন কিছুদিন আগে। রাজনীতিতে আসা নিয়ে বলছিলেন, ‘জনগণের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে এই অঙ্গনে এসেছি।’
১৯৯৬ সালে মোহামেডান ছেড়ে ফরাশগঞ্জে এসেই ডাক পেয়েছিলেন জাতীয় দলে। কিছুদিন পরই নিয়মিত হলেন একাদশে, এক নম্বর জায়গা ধরে রেখে ২০১১ সালে অবসর নেন জাতীয় দল থেকে। এখন ঘরোয়া ফুটবলও ছাড়ার অর্থ, বাংলাদেশের ফুটবলে আমিনুল ঠাঁই নিতে চলেছেন সাবেকদের তালিকায়। বিদায়বেলায় কেমন লাগছে আমিনুলের? ‘সময় এখন বিদায় বলার। প্রতিযোগিতামূলক ফুটবল আর খেলব না ভাবলে কষ্টই লাগে। কিন্তু সবাইকেই একসময় সরে যেতে হয়। আমার শেষের সময়টা এসে গেছে’—বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
ক্যারিয়ারের শেষ ম্যাচটার জন্যই এখন আমিনুলের যত অপেক্ষা।