এএফসি কাপ গ্রুপ পর্বে অপরাজেয় দল বসুন্ধরা কিংস। এমন দাপুটে ফুটবলের পরও পরবর্তী রাউন্ড আন্ত–আঞ্চলিক পর্বে যাওয়া হলো না তাদের।
আজ ভারতীয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় পরবর্তী রাউন্ডে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত হয়েছে মোহনবাগানের।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজেদেরই সেরা দল মনে করছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।
সমীকরণটা ছিল পরিষ্কার। পরবর্তী রাউন্ডে খেলতে হলে বসুন্ধরাকে আজ জিততেই হবে। প্রথমার্ধে জোনাথন ফার্নান্দেজের গোলে সে পথে এগিয়েও গিয়ে ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
কিন্তু এগিয়ে থাকার আনন্দ নিয়ে বিরতিতে যাওয়া যায়নি। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। দ্বিতীয়ার্ধের পুরো সময়ে এক খেলোয়াড় কম নিয়ে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিপক্ষে পেরে ওঠেনি বসুন্ধরা।
শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র। ৬২ মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস।
তবে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় ম্যাচের রেফারি। সুশান্তকে লাল কার্ড দেখানোর বিষয়টি বিতর্কিত। স্বাভাবিকভাবে সিদ্ধান্তটি ম্যাচের রং বদলে দেয়। ম্যাচ শেষে প্রথম আলোর সঙ্গে আলাপকালে রেফারির দিকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন।
স্প্যানিশ এই কোচ প্রথম আলোকে বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে আমরাই সেরা দল। কিন্তু আমরা যে কারণে পরবর্তী রাউন্ডে যেতে পারলাম না, তার ওপর আমাদের কোনো হাত নেই।’
৩ ম্যাচে এক জয়ের বিপরীতে দুই ড্র। ১ গোল খাওয়ার বিপরীতে গোল পেয়েছে ৩টি। খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি ব্রুজোন, ‘ছেলেদের নিয়ে গর্বিত। ক্লাবকে নিয়েও আমি গর্ব করব। এ ছাড়া এটি জানিয়ে আমি গর্ব বোধ করছি যে বাংলাদেশের ফুটবল এখন জীবিত।’