বেলজিয়ামের কাছে কাল শেষ ষোলোয় ১–০ গোলে হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল।
হারের পর পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বিমর্ষ মুখ পীড়া দিয়েছে সমর্থকদের। তবে শেষ ষোলো থেকে বিদায়েও ‘গর্বিত’ পর্তুগিজ অধিনায়ক।
২০১৬ ইউরোয় দারুণ খেলে শিরোপা জেতে রোনালদোর পর্তুগাল। জুভেন্টাস তারকা স্বীকার করেন, গত টুর্নামেন্টের পারফরম্যান্স এবার অনূদিত করতে পারেননি পর্তুগাল, ‘আমরা যেমন ফল প্রত্যাশা করেছি, তা পাইনি। বেশ আগেই বিদায় নিতে হলো।’
পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট। ইউরোপিয়ান চ্যাম্পিয়নের শিরোপা ধরে রাখতে যা যা করার দরকার ছিল, আমরা তা করতে পারিনি। তবে এই দলটা প্রমাণ করেছে, পর্তুগিজদের অনেক আনন্দের উপলক্ষ এনে দিতে পারবে। বেলজিয়ামকে অভিনন্দন এবং যেসব দল এখনো টিকে আছে তাদের প্রতি শুভকামনা। আমরা শক্তিশালী হয়ে আবারও ফিরে আসব।’
আন্তর্জাতিক ফুটবলে এখন যৌথভাবে সর্বোচ্চ গোল রোনালদোর। ইরানের আলী দাইয়ির সঙ্গে সমান ১০৯ গোল করেছেন। বেলজিয়ামের বিপক্ষে এই রেকর্ড তাঁর নিজের করে নেওয়ার সুযোগ ছিল।
এবারের সংস্করণে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল করেছেন রোনালদো। ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও পর্তুগিজ তারকার। গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে ২–২ গোলে ড্র ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন রোনালদো।