
একসময় ঢাকার মাঠে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন প্রয়াত মোনেম মুন্না। তাঁর পারিশ্রমিক নব্বইয়ের শুরুতে ছাপিয়ে যায় ২০ লাখ টাকা। তবে আবাহনী তাঁকে এই টাকা দিলেও মোহামেডান থেকে নাকি পেয়েছিলেন আরও বড় প্রস্তাব। ডিফেন্ডার হয়েও মুন্নাই হয়ে ওঠেন সবচেয়ে দামি ফুটবলার। কায়সার হামিদের কথাও আসে প্রসঙ্গক্রমে। বাংলাদেশের ফুটবলে আশরাফ, রকিব, মঞ্জু, টুটুলদের পথ ধরে জুয়েল রানারাও ডিফেন্ডার হয়ে আলো কাড়েন। তাঁরাও পেতেন ভালো পারিশ্রমিক।
তবে ফুটবল মাঠে বরাবর আলোটা বেশি থাকে ফরোয়ার্ডদের ওপরই। সাম্প্রতিক ফুটবলে তাই এমিলি, মিঠুনরা কোন দলে যাচ্ছেন, সেদিকেই চোখ থাকত। মামুনুলের আগমন এরপর, টানা বছর দুই-তিনেক এই মিডফিল্ডারই সর্বোচ্চ পারিশ্রমিকটা নিয়ে নেন। গতবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে তাঁর চুক্তি ছিল ৬০ লাখ টাকার। কিন্তু এবার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে দুটি নাম। দুজনই ডিফেন্ডার। একজন তপু বর্মণ, আরেকজন ইয়াছিন খান।
শেখ জামালের সদ্য বিদায়ী সভাপতি ও বর্তমানে গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের এই প্রতিবেদককে বলেছেন, ‘ইয়াছিনকে এবার আমরা সর্বোচ্চ ৫০ লাখ টাকা দিচ্ছি।’ প্রিমিয়ারে নবাগত সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরীর ভাষ্যমতে, তপু বর্মণকে তাঁরা ৫০ লাখ টাকার খুব কাছাকাছি অঙ্কে চুক্তিবদ্ধ করেছেন। অঙ্কটা ৪৮ লাখ বলে নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র।
জাতীয় দল যখন ভুটানের কাছে তিন গোল খায়, মালদ্বীপের কাছে পাঁচ গোল কিংবা বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে ৩২ গোল, তখন একটা প্রশ্ন ওঠেই, এই ডিফেন্ডাররা এতটা মূল্যবান হয়ে উঠলেন কেন ক্লাবের কাছে? তাঁরাই তো ঘুরেফিরে জাতীয় দলের রক্ষণ সামলান। ক্লাব ফুটবলেও যে বাংলাদেশের শীর্ষ ডিফেন্ডাররা স্ট্রাইকারদের নিয়মিত বোতলবন্দী করার ক্ষমতা রাখেন, সেটাও তো নয়। তা ছাড়া বাংলাদেশের শীর্ষ ডিফেন্ডাররা উনিশ-বিশ। কাউকে আলাদা করে ৫০ লাখ টাকা দেওয়ার পেছনে কারণটা কী?
এই দুই ডিফেন্ডারের এবার মূল্যবান হওয়ার কারণ, নিশ্চয়ই ক্লাব কর্মকর্তাদের নজর কেড়েছেন তাঁরা। তবে এবার বিদেশি কোটা কমে যাওয়াই বড় কারণ মনে করা হচ্ছে। গতবার পর্যন্ত তিনজন বিদেশি ফুটবলার খেলাতে পারত প্রিমিয়ারের দলগুলো, এবার দুজন। আর ওই দুজন হতে পারেন ফরোয়ার্ড অথবা কোনো দল একজন স্ট্রাইকার ও একজন বিদেশি মিডফিল্ডার খেলাতে পারে।
বিদেশি ডিফেন্ডার না আনার সিদ্ধান্ত নিয়ে রেখেছে অনেক দলই, যার মধ্যে আছে সাইফ স্পোর্টিং ক্লাবও। দলটির কর্মকর্তা নাসিরউদ্দীন চৌধুরী বলছেন, ‘এ বছর আমরা বিদেশি ডিফেন্ডার আনব না, তাই স্থানীয় কারও ওপরই শতভাগ নির্ভর করতে হবে। সেটা আমরা করব তপুর ওপর। গতবার আবাহনীর হয়ে ওর পারফরম্যান্স মূল্যায়ন করেই ওকে আমরা নিয়েছি। ওর মধ্যে আমরা মুন্নার ছায়া দেখছি।’ তবে ঢাকার মাঠে নিয়মিত ফুটবল যাঁরা দেখেন, তাঁরা এই কথার সঙ্গে মোটেও একমত হবেন না। কারণ, মুন্নার ধারেকাছে যাওয়ার মতো ফুটবলার তাঁর পরবর্তী সময়ে আর আসেনি।
তবে হঠাৎ করে তপু বর্মণ-ইয়াছিনরা অন্যদের ছাপিয়ে গেলেও সে অর্থে এখনো প্রচারের আলোয় নিতে পারেননি নিজেদের। ইয়াছিন তো সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাফুফের ছয় মাসের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
তবে বর্তমান পরিস্থিতি ডিফেন্ডারদের অনুকূলে, এ কারণেই তাঁরা এখন ক্লাবের কাছে বেশি কাঙ্ক্ষিত। মনজুর কাদেরও সেটাই বলেছেন। তাঁর কথা, ওপরের দিকে তেমন তারকা ফুটবলারও নেই, যাঁকে ৫০-৬০ লাখ টাকা দেবে ক্লাব। উপরন্তু বিদেশি কমার প্রভাবেই তাঁরা একজন ‘রক্ষণ নেতাকে’ নিয়েছেন বড় অঙ্কে।
কোচ মারুফুল হক চান ‘রক্ষণ নেতারা’ যেন তাঁদের উচ্চ পারিশ্রমিক পাওয়ার যথার্থতা প্রমাণ করেন মাঠে, ‘বিদেশি কমায় যেহেতু ডিফেন্ডাররা বেশি টাকা পাচ্ছে, তাই ওদের আত্মোপলব্ধি করা উচিত, আসলে এই টাকা পাওয়ার মতো অবস্থায় নিজেকে ওরা নিতে পেরেছে কি না। আমি বলব, ওদের যোগ্যতা নিশ্চয়ই আছে। এখন মাঠে প্রমাণ দিতে হবে।’
এটাই বোধ হয় সব কথার শেষ কথা।