বিদেশি কমায় স্ট্রাইকাররা খুশি

কেউ বলছেন, ‘এটি দারুণ সিদ্ধান্ত।’ কারও মতে, ‘দেশের ফুটবল ঘুরে দাঁড়ানোর একটা পথ পেল।’
বিদেশি খেলোয়াড়ের কোটা কমানোয় খেলোয়াড়দের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাঁরা এত দিন মনে করছিলেন, ফুটবলের সাম্প্রতিক অধোগতির জন্য বিদেশির আধিক্যই দায়ী। এ নিয়ে ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত ফুটবলারদের মুখে হাসি ফুটিয়ে বিদেশি খেলোয়াড়ের কোটা কমানো হয়েছে কদিন আগে। ঘরোয়া ফুটবলে এবার সর্বোচ্চ তিনজন বিদেশি নিবন্ধন করানো যাবে, এক ম্যাচে খেলতে পারবেন দুজন। তবে বিদেশির বদলে বিদেশি নামানো যাবে।

বিদেশি কোটা কমায় সবচেয়ে বেশি খুশি স্ট্রাইকাররা। ওই স্রোতে যে তাঁরাই সবচেয়ে বড় ভুক্তভোগী! স্ট্রাইকাররা মনে করছেন, নতুন সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে ফুটবলের জন্য।
অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বাফুফেকে ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, ‘সিদ্ধান্তটি স্ট্রাইকারদের নতুন জীবন দেবে, আশা করি।’ কীভাবে দেবে দিলেন সেই ব্যাখ্যাও, ‘এখন দেখা যাবে দলগুলো হয়তো একজন বিদেশি স্ট্রাইকার খেলাবে। আর শুরু থেকেই স্থানীয় একজনকে রাখবে একাদশে। এতে ভালো স্ট্রাইকার তৈরি হবে, আমার বিশ্বাস।’ সুযোগ পাই না, সুযোগ পাই না বলে যেসব ফুটবলার এত দিন হা-হুতাশ করেছেন, তাঁদের জন্য এটিকে নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবেও দেখছেন এমিলি। এমনকি বিদেশির বদলি বিদেশি নামানোর নিয়মটাকেও ধর্তব্যে আনছেন না এমিলি, ‘এটা কোনো ব্যাপারই নয়। মাঠে তো দুজন বিদেশিই থাকছে। আগের মতো তিনজন নয়। সিদ্ধান্তটা দারুণ হয়েছে।’ তবে সিদ্ধান্তটি আরও আগে হলো না কেন, সেই প্রশ্নও আছে অনেকের।

সাম্প্রতিক বছরে শেখ জামালের আক্রমণে তিন বিদেশি নিয়মিত খেলেছেন। ঘরের ছেলেরা হয়ে পড়েছিলেন অচ্ছুত। আবাহনীতে গত বছর কয়েকটি ম্যাচে সানডে, লি টাক, জোনাথন খেলেছেন আক্রমণে। তাই কোটার গ্যাঁড়াকলে পড়ে অনেক ম্যাচেই বেঞ্চ গরম করেছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। তবে নতুন মৌসুমে বেশি সময় খেলার সম্ভাবনা দেখে তাঁর খুশির শেষ নেই। বাফুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই স্ট্রাইকারের কথা, ‘বিদেশি কোটা কমার কথা শুনে কী যে ভালো লেগেছে, বলে বোঝাতে পারব না। কোচ বলেছেন, তুমি ভালো ট্রেনিং করো। সুযোগ অবশ্যই পাবে। এটা ভেবেই খুব ভালো লাগছে।’
এত দিন বিদেশি কোটার আরেক বলি স্ট্রাইকার শাখাওয়াত রনি এটিকে জাতীয় দলের জন্যও ভালো সুযোগ হিসেবে দেখেন। সঙ্গে বারবারই মনে করিয়ে দিলেন, বিদেশি কোটা কমায় এখন প্রিমিয়ারে ১৩টি দলে শুরু থেকেই বাংলাদেশের ১৩ জন খেলোয়াড় বেশি খেলবেন। এটিকে ‘অনেক ভালো সিদ্ধান্ত’ বলার পরও তাই শাখাওয়াত বলতে ভোলেননি, ‘ক্লাবের চাপের কাছে হার মেনে আগামী বছর আবার বিদেশি কোটা বেড়ে গেলে কিন্তু সুফল আসবে না। বর্তমান সিদ্ধান্তেই স্থির থাকতে হবে। তাতে জাতীয় দল ভালো ফল পাবে বলে আমার বিশ্বাস।’
ফুটবলাররা এমনও বলছেন, বিদেশি কোটা কমায় সামনে হয়তো আর ভুটান-লজ্জায় পড়তে হবে না! তাঁদের কথা সত্যি হয় কি না, দেখাই যাক।